স্টোকসের প্রতিশোধ!
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারের ক্ষতে কি ‘ব্যান্ডেজ’ লাগাতে পেরেছেন বেন স্টোকস? কার্লোস ব্রাফেটের সঙ্গে ‘খণ্ডযুদ্ধে’ জিতেছেন, পরশু ক্যারিবীয় অলরাউন্ডারকে আউট করেছেন স্টোকস। ইংল্যান্ডও ১৮৬ রানে শেষ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে জিতে নিল সিরিজ।
সিরিজের মীমাংসা আগের ম্যাচেই হয়ে গেছে। তবু অন্য একটা মীমাংসা বাকি ছিল। সিরিজের আগের দুই ম্যাচে যে ব্রাফেট-স্টোকস দ্বৈরথের দেখা মিলছিল না! ব্রাফেটের বলে স্টোকস দুবার ব্যাট করলেও আসল মুহূর্তের দেখা মিলছিল না কোনোভাবেই। ব্যাটিংয়ে কার্লোস আর বোলিংয়ে স্টোকস—এ দৃশ্য দেখার জন্যই তো এ সিরিজ নিয়ে এত আওয়াজ! এপ্রিলের ফাইনালে ব্রাফেটের টানা চার বলে চার ছক্কার সে ইনিংসের পর যে এ দৃশ্য আর দেখা যায়নি।
সে মুহূর্ত এল ওয়েস্ট ইন্ডিজের ২৬তম ওভারে। ততক্ষণে ম্যাচ নিয়ে আগ্রহটা ধুলায় মিশে গেছে। অ্যালেক্স হেলস (১১০) ও জো রুটের (১০১) দুর্দান্ত দুটি ইনিংসে ৩২৮ রান করেছিল ইংল্যান্ড। তাড়া করতে নামা ক্যারিবীয়রা ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে শেষ করে দিয়েছে সব আগ্রহ। স্টোকস দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আসার আগে ২২ বলে ৭ রান করেছিলেন কার্লোস ব্রাফেট। স্টোকসের মুখোমুখি হওয়া প্রথম বলটাই লাগল তাঁর পায়ে। ইংল্যান্ডের আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার গ্রেগরি ব্রাফেট (ক্যারিবীয় দলের দুই ব্রাফেটের সঙ্গেই তাঁর কোনো আত্মীয়তা নেই!)। রিভিউ নিতেই দেখা গেছে এলবিডব্লু ব্রাফেট। এরপর ক্যারিবীয়রাও খুব সময় নেয়নি, অলআউট হয়েছে ১৪২ রানে। টেন ৩।