স্টোকসের রেকর্ডময় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবে-ওভাবে যেভাবেই মেরেছেন, সবই লেগেছে। কেপটাউনে কাল অনেক কীর্তি গড়া ইনিংসের পথে বেন স্টোকস l এএফপি
এভাবে-ওভাবে যেভাবেই মেরেছেন, সবই লেগেছে। কেপটাউনে কাল অনেক কীর্তি গড়া ইনিংসের পথে বেন স্টোকস l এএফপি

জানুয়ারি এত দিন তাঁর কাছে ছিল দুঃখের মাস। সেই জানুয়ারিতেই বেন স্টোকস এখন সম্ভবত ক্রিকেট-বিশ্বের সবচেয়ে সুখী মানুষও!

.
.

গত বছর এই জানুয়ারির শুরুতেই পেয়েছিলেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার খবর। ফর্মটাও এত বাজে যাচ্ছিল যে, অভিযোগ করার কোনো উপায় ছিল না। সেই বেন স্টোকসের জীবনে আরও একটা জানুয়ারি এল এবং এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরের প্রথম সেঞ্চুরি, প্রথম ১৫০, প্রথম ডাবল সেঞ্চুরি ও প্রথম ২৫০ রানের ইনিংসের মালিক! কেপটাউনে কাল তাঁর ১৯৮ বলে ২৫৮ রানের ইনিংসটা শুধু দক্ষিণ আফ্রিকার নাকের জল চোখের জলই এক করে দেয়নি, ওলট-পালট করে দিয়েছে রেকর্ড বইয়ে সাজানো পরিসংখ্যানও। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি, ৬ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস, ষষ্ঠ উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড—আরও কত কী!
৯৩ বলে ৭৪ রানে অপরাজিত থেকে প্রথম দিনটা শেষ করেছিলেন। কাল সকালে সেঞ্চুরি করতে লাগল আর মাত্র ১২ বল! মরনে মরকেলের করা প্রথম ওভারেই দুটি চার, ক্রিস মরিসের পরের ওভারে ৩টি। ধ্বংসযজ্ঞের সেটি কেবল শুরু। ১০৫ বলে সেঞ্চুরির পর পরের ৫০ মাত্র ৩৫ বলে। নাথান অ্যাস্টলের গড়া টেস্টের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি তখন হুমকির মুখে। শেষ পর্যন্ত অবশ্য পারলেন না স্টোকস, ২০০ করতে তাঁকে খেলতে হলো অ্যাস্টলের চেয়ে ১০টি বল বেশি। তবে দ্রুততম ২৫০ রানের রেকর্ডটি ঠিকই করলেন। ১৯৬ বলে স্টোকসের ২৫০। যাতে পেছনে পড়ে গেল ২০০৯ সালে মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বীরেন্দর শেবাগের রেকর্ড (২০৭ বলে)। স্টোকসের তাণ্ডব দেখে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন টুইট করলেন, ‘এখন পর্যন্ত আজ (কাল) সকালে আমি বেন স্টোকসের মধ্যে একজন গিলক্রিস্ট আর সোবার্সের মিলিত রূপ দেখতে পেলাম। ধন্যবাদ বেন!’

.
.


স্টোকসের এই রুদ্ররূপে আড়ালে পড়ে গেছেন সঙ্গী জনি বেয়ারস্টো। নইলে প্রায় সাড়ে চার ঘণ্টা স্টোকসকে দারুণ সঙ্গ দিয়ে বেয়ারস্টোও খেলেছেন ১৯১ বলে অপরাজিত ১৫০ রানের ঝলমলে এক ইনিংস। সুবাদে ৩৯৯ রানে জুটি গড়ে দুজন ভেঙে দিয়েছেন টেস্টে ষষ্ঠ উইকেট জুটির আগের বিশ্ব রেকর্ডটি। কাকতালীয়ভাবে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিংয়ের মধ্যে ৩৬৫ রানের ওই জুটিটিও হয়েছিল গত বছরের প্রথম টেস্টেই! ৩৯৯ রানের জুটিটি দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটিও। ২৫৮ রান করে আউট হওয়ার আগের দুই বলেও দুটি ছক্কা মেরেছেন স্টোকস। সব মিলিয়ে ছক্কা তখন ১১টি। হুমকির মুখে ছিল ওয়াসিম আকরামের ১২ ছক্কার বিশ্ব রেকর্ডও। কিন্তু দুর্ভাগ্যজনক রানআউটে আর সেটি হলো না। শেষ পর্যন্ত ইংল্যান্ড ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৬২৯ রানে। দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৪১।
দুই ইংলিশ ব্যাটসম্যান মিলে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে ওঠায় রীতিমতো ঝড় বয়ে গেছে স্টেইন-অ্যাবোটহীন দক্ষিণ আফ্রিকান বোলিং আক্রমণের ওপর দিয়ে। ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের পর এই প্রথম টেস্টের কোনো ইনিংসে ১০০-এর বেশি করে রান দিয়েছেন চার দক্ষিণ আফ্রিকান বোলার!
এমন দিনে বোলারদের আত্মবিশ্বাস জোগাতে বাড়তি কিছু দিতে হয় ফিল্ডারদের। দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়েরা সেটা তো পারেননিই, উল্টো ক্যাচ ছেড়েছেন একাধিক। এমনকি শেষ পর্যন্ত স্টোকস যে বলটিতে রানআউট হয়েছেন, সেটিতেও ক্যাচ ছেড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। ক্যাচ হয়ে যাবে—এ ব্যাপারে স্টোকসও এত ‘নিশ্চিত’ ছিলেন যে সেদিকে তাকিয়ে থাকতে গিয়েই তিনি রানআউট হয়েছেন! টেন ক্রিকেট, ক্রিকইনফো।