স্টোকসের 'স্বাভাবিক জীবন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন স্টোকস
বেন স্টোকস

স্বাভাবিক জীবনে ফিরে আসছেন বেন স্টোকস। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কার্লোস ব্রাফেটের চারটি ছক্কায় তো প্রায় থেমেই গিয়েছিল ইংলিশ অলরাউন্ডারের জীবন। যেখানেই যান, যা-ই করুন না কেন—ঘুরেফিরে আলোচনায় ‘চার ছক্কা’। অবশেষে ‘অচলাবস্থা’ কেটেছে, ক্রিকেটই সে সুযোগ করে দিচ্ছে স্টোকসকে। ইংল্যান্ডে এখন ভরা মৌসুম, কাউন্টি ক্রিকেট শুরু হয়ে গেছে। ব্যস্ত মৌসুমে ক্রিকেটে ডুব দিয়েই দুঃস্বপ্ন ভুলতে চান স্টোকস। ডারহামের হয়ে কাউন্টিতে মাঠে নামছেন আগামীকাল, প্রতিপক্ষ মিডলসেক্স। মাঠে নামার আগে বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস নিজেই বলেছেন, জীবনের স্বাভাবিক ছন্দটা যেন খুঁজে পেয়েছেন আবার, ‘জীবন এখন স্বাভাবিক, একজন ক্রিকেটারের যতটুকু স্বাভাবিক হয়। ফাইনালের হার হতাশাজনক, কিন্তু ভাগ্য ভালো এই গ্রীষ্মে ব্যস্ত থাকব।’ দুঃখ ভুলতে যদি ক্রিকেটকে অবলম্বন করেন তাহলে অনেক সুযোগ পাবেন স্টোকস। আগামী মাসেই শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ। এরপর আসছে পাকিস্তান। ঘরের মাঠের এই দুই সিরিজ শেষে অক্টোবরে আবার বাংলাদেশ সফর। সূত্র: মিড-ডে।