স্টোকস-বাটলারকে ওপেনিংয়ে পাঠাল মরিয়া ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জস বাটলারকে নিয়ে ওপেন করতে নামছেন বেন স্টোকস (বাঁয়ে)। ছবি: রয়টার্স
জস বাটলারকে নিয়ে ওপেন করতে নামছেন বেন স্টোকস (বাঁয়ে)। ছবি: রয়টার্স

ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করাতে পারেনি ইংল্যান্ড। ম্যাচ জিততে মরিয়া দলটি ওপেন করতে পাঠায় বেন স্টোকস ও জস বাটলারকে।

উইজডেন ট্রফি পুনরুদ্ধার করতে হলে জিততেই হবে দ্বিতীয় টেস্ট। কিন্তু হাতে সময় কম। ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ ইনিংসে বড় রানের লক্ষ্য দিতে মরিয়া ইংল্যান্ড তাই আজ শেষ বিকেলে যেন খেলতে নামল টি–টোয়েন্টি। জো রুটের দল দ্বিতীয় ইনিংসে যে ওপেন করতে নামিয়ে দিল সময়ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের দুজন বেন স্টোকস ও জস বাটলারকে।

পাঁচ বছর পর টেস্টে ওপেন করা বাটলার পারেননি, কেমার রোচের বলে বোল্ড হয়েছেন শূন্য রানে। একটু ফিরছেন জ্যাক ক্রলি (১০)। কিন্তু টিকে ছিলেন টেস্টে প্রথমবারের মতো ওপেন করা স্টোকস। অধিনায়ক জো রুটের সঙ্গে তৃতীয় উইকেট ২০ রান যোগ করে দলকে এগিয়ে নিয়ে গেছেন ২১৯ রানে। ইংল্যান্ড দিন শেষ করেছেন ২ উইকেটে ৩৭ রান তুলে।

ওয়েস্ট ইন্ডিজকে ফলো অনে ফেলে আবারও ব্যাট করাতে ২৬৯ রানের মধ্যে আটকে রাখতে হতো। দিনের শেষ সেশনে পরপর তিন ওভারে শামার ব্রুকস, জারমেইন ব্ল্যাকউড ও শেন ডাউরিচকে ফিরিয়ে সেই স্বপ্ন উজ্জ্বল করেছিলেন স্টুয়ার্ট ব্রড। ২৫২ রানে ৭ উইকেট খোয়ানো ক্যারিবীয়রা অষ্টম উইকেট হারায় আর ৮ রান যোগ হতেই। কিন্তু বাধা হয়ে দাঁড়ান রোস্টন চেজ। ৫১ রান করে চেজ যখন আউট হলেন, ফলোঅনের শঙ্কা কাটিয়ে আরও ১৮ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা অলআউট ২৮৭ রানে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ রান ক্রেগ ব্রাফেটের। 'নৈশপ্রহরী' আলজারি জোসেফ, শাই হোপ ও শামার ব্রুকসকে নিয়ে টানা তিনটি ৫০ ছাড়ানো জুটি গড়া ব্রাফেট ৭৫ রান করে ফিরতি ক্যাচ হয়েছেন বেন স্টোকসের। ফিফটি পেয়েছেন ব্রুকসও (৬৮)। দিনের প্রথম সেশনে রাজত্ব ছিল ওয়েস্ট ইন্ডিজের। মধ্যাহ্নবিরতির আগে শুধু জোসেফের উইকেট হারিয়েই ৮৬ রান তোলে সাউদাম্পটনে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা দলটি। দ্বিতীয় সেশনেও খারাপ করেনি ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট হারিয়ে তুলেছিল ১০৯ রান। ২৪২ থেকে ২৮৭—৪৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় ক্যারিবীয়রা। এই ৬ উইকেট ভাগাভাগি করেছেন দলে ফেরা দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। ৩টি করে উইকেট নিয়েছেন তাঁরা। ২ উইকেট নিয়েছেন আরেক প্রত্যাগত স্যাম কারেন।