স্ট্রাউস-কুককে ছাড়িয়ে মরগান
প্রথম রানের জন্য সাতটা বল খেলতে হলো। দুই অঙ্কে পৌঁছালেন ৩৩ বলে! দেখে মনে হচ্ছিল, বোধ হয় ছন্দে নেই এউইন মরগান। অথচ পরশুর আগে সর্বশেষ তিন ম্যাচে তাঁর ১৭৩ রান, একটা সেঞ্চুরি।
আসলে ছন্দে ঠিকই ছিলেন। আর ছিলেন বলেই অ্যান্টিগার উইকেটটাকেও পড়ে ফেললেন নামার পরেই। ব্যাট হাতে ‘ধীরে চলো’ নীতিটা সে কারণেই নিয়েছিলেন। কৌশলটা যে ভুল ছিল না, তার প্রমাণ—ক্রেগ ব্রাফেটের থ্রোতে রানআউট হয়ে যখন ফিরে যাচ্ছেন, মরগানের নামের পাশে ১১৬ বলে ১০৭ রান। অধিনায়কের ঝলমলে সেঞ্চুরির সঙ্গে লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকসের দুর্দান্ত বোলিং মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেটাও ইংল্যান্ড জিতে নিল ৪৫ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
গত অক্টোবরে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে না আসায় মরগানকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ওয়ানডের নেতৃত্ব হারাতে পারেন—এমন কথাও শোনা যাচ্ছিল তখন। সেই মরগানের সর্বশেষ চার ওয়ানডেতে দুটি সেঞ্চুরি! পরশু স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সেঞ্চুরিটা দিয়ে মরগান গড়েছেন একটা রেকর্ডও। ইংল্যান্ড অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন আইরিশ বংশোদ্ভূত এই ব্যাটসম্যানের। ছাড়িয়ে গেছেন চারটি করে সেঞ্চুরির মালিক অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুককে।
মরগানের সেঞ্চুরির পাশাপাশি হাত খুলে খেলেছেন স্যাম বিলিংস ও বেন স্টোকসও। প্রায় বলের সঙ্গে পাল্লা দিয়েই ফিফটি করেছেন দুজন। শেষ দিকে মঈন আলীও খেলেছেন ২২ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস। ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হলো ৬ উইকেটে ২৯৬ রান। ২০১৬ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম আগে ব্যাট করে ৩০০-এর নিচে রান করল ইংল্যান্ড।
দুই পেসার ওকস ও প্লাঙ্কেট অবশ্য এই রানটাই অনেক বড় বানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাছে। তাড়া করতে নেমে ১২তম ওভারেই ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে জেসন হোল্ডারের দল। দুই ওপেনার ক্রেগ ব্রাফেট ও এভিন লুইসকে ফেরান ওকস। তিন নম্বরে নামা কাইরন পাওয়েলকে জেসন রয়ের ক্যাচ বানান লিয়াম প্লাঙ্কেট। তবে চতুর্থ উইকেটে শাই হোপের (৩১) সঙ্গে ৬৯ ও পঞ্চম উইকেটে জোনাথন কার্টারের (৫২) সঙ্গে ৮২ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের আশা বাঁচিয়ে রেখেছিলেন জেসন মোহাম্মেদ। কিন্তু দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করে মোহাম্মেদ স্টিভেন ফিনের থ্রোতে রানআউট হলে সেই আশাটা শেষ হয়ে যায়। ১৬ বল বাকি থাকতেই ২৫১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে ১৫ বলে ২১ করে অ্যাশলি নার্স শুধু হারের ব্যবধানটাই কমিয়েছেন। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৯৬/৬ (মরগান ১০৭, স্টোকস ৫৫, বিলিংস ৫২; নার্স ২/৫৭)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.২ ওভারে ২৫১ (মোহাম্মেদ ৭২, কার্টার ৫২; প্লাঙ্কেট ৪/৪০, ওকস ৪/৪৭)।
ফল: ইংল্যান্ড ৪৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এউইন মরগান।