স্ট্রিক চলে যাচ্ছেন ভারতে?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক আইপিএলে কাজ করছেন গুজরাট লায়ন্সের খণ্ডকালীন বোলিং কোচ হিসেবে। কিন্তু তাঁর ভারতবাস দীর্ঘ হতে পারে। দ্য হিন্দুর খবর, ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) বোলিং কোচ হতে আগ্রহী এই জিম্বাবুইয়ান।
পত্রিকাটি জানিয়েছে, এজেন্ট টম হারউডের মাধ্যমে এনসিএর কাছে নিজের ক্যারিয়ার বৃত্তান্ত ও আবেদনপত্র পাঠিয়েছেন স্ট্রিক। এনসিএ চেয়ারম্যান নিরঞ্জন শাহ সেটি ভারতীয় বোর্ডের যুগ্ম সচিব অমিতাভ চৌধুরীর কাছে পাঠিয়েছেন। অমিতাভের কাছে পাঠানো চিঠিতে শাহ জানিয়েছেন, ‘আইপিএল ম্যাচের সময় হিথ স্ট্রিকের সঙ্গে দেখা হয়েছে আমার, তখন এনসিএতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন তিনি। ফাস্ট বোলিং কোচ হিসেবে তাঁর মানের একজন ক্রিকেটার খুব কাজে লাগবে আমাদের।’ তবে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। আমার জানামতে, হিথ স্ট্রিক এখনো বিসিবিকে এ বিষয়ে কিছু জানাননি।’ আগামী জুনেই বিসিবির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে স্ট্রিকের। দ্য হিন্দু।