
ম্যানেজার লাভমোর বান্ডাকে অনেকটা সময় অপেক্ষা করতে হলো হোটেল লবিতে। খেলোয়াড়েরা সবাই অনুশীলনে যাওয়ার জন্য বাসে উঠে গেছেন। বান্ডা অপেক্ষায় হিথ স্ট্রিকের জন্য। কোচ কখন সেলফি-শিকারিদের হাত থেকে ছাড়া পাবেন, কখন সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ হবে, সেই অপেক্ষা।
বাংলাদেশ দলের বোলিং কোচ থাকার সুবাদে হিথ স্ট্রিক ঢাকায় বেশ পরিচিত। হোটেলে তো আরও বেশি পরিচিত, কারণ ঢাকায় বিসিবির ভাড়া করা বাড়িতে না থেকে থাকতেন এই সোনারগাঁও হোটেলেই। এই শহরে পথচলার সময় লোকজন জিম্বাবুয়ের কোচকে আটকাবে, এটা তো স্বাভাবিকই!
হিথ স্ট্রিকও এটি খুব উপভোগ করছেন। কাল দুপুরে হোটেল লবিতে দাঁড়িয়ে বললেন, ‘আমি খুবই উপভোগ করছি। মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই এসেছি। একসময় যাদের কোচিং করিয়েছি, সেই খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়েছে। মারিও, রিচার্ড এখনো বাংলাদেশ দলের সঙ্গে আছে। তাদের পেয়ে ভালো লাগছে। সব মিলিয়ে এখানে বেশ উপভোগ্য সময়ই কাটছে।’
পুরোনো সহকর্মীদের মধ্যে স্ট্রিক ঢাকায় দেখা পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহেরও। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সাবেক কোচদের ‘পুনর্মিলনী’ নিয়ে অনেক আলোচনাই আছে। তবে স্ট্রিক ব্যাপারটাকে পুরোই পেশাদারি দৃষ্টিতে দেখার পক্ষে, ‘এ নিয়ে দেখলাম অনেকেই কথা বলছে। আসলে দিন শেষে খেলোয়াড়েরাই খেলে। চান্ডি (হাথুরুসিংহে) মাত্রই শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিল। সবকিছু গোছাতে আরও সময় লাগবে। সৌভাগ্যবশত আমি পরিকল্পনা করার মতো যথেষ্ট সময় পেয়েছি।’
জিম্বাবুয়ের সাম্প্রতিক সাফল্যের কারণেও স্ট্রিকের এখন সবকিছুই ভালো লাগার কথা। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়, এখানেও শ্রীলঙ্কাকে হারানো—স্ট্রিকের চোখ তো এখনই চলে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। তবে মূল লক্ষ্য সাফল্য-যাত্রাটাকে মার্চের বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত নিয়ে যাওয়া, ‘দলটা নিয়মিত সাফল্য পেতে শুরু করা আনন্দের। তবে এখনো অনেক দূর যেতে হবে। সামনে গুরুত্বপূর্ণ সময় আসছে। বিশ্বকাপ বাছাইপর্বের আগে ভালো ক্রিকেট খেলাটা জরুরি।’
ব্রেন্ডন টেলর, কাইল জার্ভিসের মতো ক্রিকেটাররা আবারও ফিরেছেন দেশের ক্রিকেটে। চোট কাটিয়ে ফিরেছেন সলোমন মায়ার। দলের মধ্যে এর ইতিবাচক প্রভাব দেখছেন কোচ, ‘তাদের সবার কাছে আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার। আমরা কী করতে চাই, কী ধরনের ক্রিকেট খেলতে চাই, ওরা জানে। ছেলেরা খেলার মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে, স্বাধীনভাবে খেলছে...এটাই বড় কথা। দলে জায়গা পেতে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা। এটা ছেলেদের আরও ভালো খেলার তাড়না জোগাচ্ছে।’
সেই তাড়না থেকেই জিম্বাবুয়ে ক্রিকেটেও এখন নতুন আশার আলো।
ত্রিদেশীয় সিরিজ
ম্যাচ জয় হার পয়েন্ট নে.রা.রে
বাংলাদেশ ২ ২ ০ ১০ ২.৯৮৫
জিম্বাবুয়ে ২ ১ ১ ৪ -১.১২০
শ্রীলঙ্কা ২ ০ ২ ০ -১.৭৫০