স্ট্রিকের বিকল্প ভাবছে বিসিবি

প্রিমিয়ার লিগ ছাড়া আর কোনো খবর নেই। বাংলাদেশের ক্রিকেটে চলছিল নিস্তরঙ্গ একসময়। এরই মধ্যে একটু আলোড়ন তুলল ভারতের দ্য হিন্দু পত্রিকায় ছাপা হওয়া একটি সংবাদ। বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক নাকি সে দেশের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচ হতে আবেদন করেছেন। সেখানকার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়েই ছাপা হয় খবরটি।
দুই বছরে চার শ দিনের চুক্তিতে বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক স্ট্রিক। বাংলাদেশ দলের গত এক-দেড় বছরের সাফল্যের অংশীদার জিম্বাবুয়ের সোনালি যুগের এই পেসারও। তবে বিসিবি সেটিকে এত উল্লেখযোগ্য মনে করে না যাতে ৩০ মে চুক্তি শেষ হওয়ার পরও তাঁকে ধরে রাখতে ব্যাকুল থাকতে হবে। বরং ভেতরের খবর, বিদেশি কোচদের মধ্যে বিসিবি একমাত্র তাঁর পারফরম্যান্সেই পুরোপুরি সন্তুষ্ট নয়। হয়তো সে কারণেই স্ট্রিকের কাছ থেকে সরাসরি কিছু না শুনে শুধু সংবাদমাধ্যমের খবরের ওপর ভিত্তি করেই নতুন পেস বোলিং কোচের একটা খসড়া তালিকা তারা করে ফেলেছে। বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান কাল মুঠোফোনে জানালেন, ‘স্ট্রিক যদি আমাদের এখানে না থাকেন, আমরা তাঁকে জোর করব না। বরং তাঁর চেয়ে ভালো কোচই আনার চেষ্টা করব। কয়েকজনের নাম নিয়েও আমরা আলোচনা করেছি।’
কারা আছেন সেই আলোচিত তালিকায়? আকরাম মোটামুটি বিস্তারিতই বলে দিলেন, ‘চম্পকা রমানায়েকে ভালো কোচ। এর আগেও তিনি বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন। এ ছাড়া আকিব জাভেদ, ভেঙ্কটেশ প্রসাদ, চামিন্ডা ভাসসহ আরও দু-একজনের ব্যাপারেও আমরা চিন্তা করছি। কাজেই স্ট্রিক যদি না-ও থাকেন, সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’
তবে বর্তমান কর্মস্থল বিসিবির সঙ্গে আলোচনা না করে তাঁর অন্য একটি জায়গায় চাকরির চেষ্টায় কিছুটা বিস্মিত ক্রিকেট পরিচালনা প্রধান, ‘আমরা স্ট্রিকের কাছ থেকে কিছু শুনিনি। সংবাদমাধ্যমেই দেখেছি উনি ভারতের একটি একাডেমির কোচ হতে আবেদন করেছেন। এতে আমরা একটু অবাক হয়েছি। আমাদের বোর্ড বিদেশি কোচদের সুযোগ-সুবিধার ব্যাপারে বেশ উদার। এ রকম যদি কিছু হয়ে থাকে, তাঁর উচিত ছিল আমাদের তা জানানো।’
স্ট্রিক ছাড়া অন্য বিদেশি কোচদের চুক্তিও শেষ হতে চলেছে এক-দুই মাসের মধ্যে। শ্রীলঙ্কান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগের দুই বছরের মেয়াদ শেষ হবে ৩০ জুন। শ্রীলঙ্কান ফিজিও মারিও ভিল্লাভারায়ণ এবং জিম্বাবুইয়ান ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের চুক্তি ৩০ জুলাই পর্যন্ত। আকরাম আভাস দিলেন, তাঁদের সবার চুক্তিই বাড়তে পারে আরও বছর দুয়েকের জন্য, সে ক্ষেত্রে বাড়বে বেতনও। ‘বোর্ডের সবাই ওঁদের পারফরম্যান্সে খুশি, চুক্তি বাড়ানোর ব্যাপারেও ইতিবাচক। কোচরাও বাংলাদেশে থাকার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। সে ক্ষেত্রে বেতন হয়তো নির্দিষ্ট পরিমাণ অঙ্ক বাড়তে পারে। নিয়ম অনুযায়ী যেভাবে হওয়ার কথা, সেভাবেই হবে সবকিছু। পরবর্তী বোর্ড সভায়ই এসব চূড়ান্ত হয়ে যাবে আশা করি’—বলেছেন ক্রিকেট পরিচালনা প্রধান।
প্রধান কোচ হাথুরুসিংহে বর্তমানে মাসে প্রায় ২২ হাজার ডলার বেতন পাচ্ছেন। নতুন চুক্তিতে সেটা বেড়ে ২৫ হাজার ডলারের মতো হতে পারে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটিতে যাওয়া হাথুরুসিংহের ঢাকায় ফেরার কথা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের আগেই।