স্ত্রীর ওষুধ খেয়ে...

রক্ত পরীক্ষায় নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া গেছে। ক্রিকেট থেকে তাই সাময়িকভাবে নিষিদ্ধও হয়েছেন পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ। যদিও ব্যাখ্যা হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, উচ্চ রক্তচাপের প্রতিরোধক ওষুধ সেবন করেই নাকি এমন বিপদে পড়েছেন ইয়াসির। পরশু পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান দিলেন নতুন একটা তথ্য। ওই ওষুধটা নাকি ইয়াসিরের ছিল না, ছিল তাঁর স্ত্রীর। ইয়াসিরের স্ত্রীও ঘটনাচক্রে উচ্চ রক্তচাপের রোগী। আর তিনি না জেনেই স্ত্রীর ওষুধ খেয়ে ফেলেছেন। এতে যে নিষিদ্ধ উপাদান আছে জানতেন না ইয়াসির। যেহেতু অজান্তেই কাজটা করেছেন, ইয়াসিরকে শাস্তি দেওয়া হবে না বলেও আশাবাদী পিসিবি-প্রধান। গত ১৩ নভেম্বর আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের দিন পরীক্ষার জন্য দৈবচয়ন পদ্ধতিতে ইয়াসিরের নমুনা নেওয়া হয়। নিয়মানুযায়ী আবারও নমুনা পরীক্ষার জন্য তিনি আবেদন করতে পারবেন। সেটিতে নেতিবাচক ফল এলেই বেঁচে যাবেন পাকিস্তানি লেগ স্পিনার। আইএএনএস।