স্ত্রীর কাছে কুকের কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজকন্যা আগে থেকেই ছিলেন, এবার জয় করলেন রাজত্বও। ওভাল টেস্ট জিতেছেন, সিরিজও জিতেছে ইংল্যান্ড। পরশু বান্ধবী বিয়েলি মিচেলকে পাশে নিয়ে মাঠে বসেই এই সাফল্য উদ্‌যাপন করলেন স্টুয়ার্ট ব্রড  l মেইল অনলাইন
রাজকন্যা আগে থেকেই ছিলেন, এবার জয় করলেন রাজত্বও। ওভাল টেস্ট জিতেছেন, সিরিজও জিতেছে ইংল্যান্ড। পরশু বান্ধবী বিয়েলি মিচেলকে পাশে নিয়ে মাঠে বসেই এই সাফল্য উদ্‌যাপন করলেন স্টুয়ার্ট ব্রড l মেইল অনলাইন

সময়ের হিসাবে ২৭ দিন। মহাকালের নিক্তিতে নিতান্তই কিঞ্চিৎকর। কিন্তু মর্ত্যের একজন মানুষের কাছে?

অ্যালিস্টার কুককে জিজ্ঞেস করুন। ইংল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়কই বলে দেবেন সময়টার গুরুত্ব কতখানি। এক মাসেরও কম সময় আগে-পরে দুই কুকের মধ্যে যে আকাশ-পাতাল তফাত। গত মাসে লর্ডস টেস্টে হারার পর কুককেই ইংল্যান্ডের সব দুর্দশার মূল দাবি করে সমালোচনায় ক্ষতবিক্ষত করেছিল সবাই। ভারতকে টানা তিনটি টেস্টে হারিয়ে সিরিজ জেতার পর সেই ‘ক্যাপ্টেন’ কুকেরই প্রশংসায় পুরো ইংল্যান্ড।

বছর খানেক সময়ের মধ্যে খেলা ১০টি টেস্টের একটিতেও জয় নেই। যার মধ্যে আছে অ্যাশেজে ৫-০-তে ধবলধোলাই হওয়ার লজ্জাও। খাদের কিনারাতেই চলে গিয়েছিলেন অধিনায়ক কুক। ব্যর্থতার পাকে পড়ে হাবুডুবু খাওয়া কুকের মনেও খেলছিল নেতৃত্ব ছেড়ে দেওয়ার ভাবনা। ভাগ্যিস, সে সময় অ্যালিস ছিলেন পাশে। স্ত্রী অ্যালিসই যে কুককে বারবার বলেছেন, যার যা ইচ্ছা বলুক, সেসবে কান দিয়ে কুক যেন কিছুতেই সরে না দাঁড়ান।

পরশু ভারতকে আরেকবার লজ্জা দিয়ে ওভাল টেস্ট জেতার পর বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে স্ত্রীকে তাই কৃতজ্ঞতা জানালেন কুক, ‘আমার স্ত্রী না থাকলে মনে হয় না আমি এখানে অধিনায়ক হিসেবে দাঁড়াতে পারতাম। অ্যালিস এমন একজন মানুষ, যার কাছে আপনি মনের সব কথা খুলে বলতে পারবেন। সে খুব ভালোভাবেই আমাকে পথ দেখিয়েছে।’

অ্যালিস ও কুক l ফাইল ছবি
অ্যালিস ও কুক l ফাইল ছবি

এই সিরিজের আগে গত কিছুদিনের দুঃসহ স্মৃতিও ভেসে উঠছিল চোখের সামনে। যার মধ্যে ছিল শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলি টেস্টে মাত্র ২ বল বাকি থাকতে হেরে যাওয়া, ‘ওটা ছিল কঠিন এক রাত।  ভারতের কাছে লর্ডসের হারটাও কষ্টের ছিল।’

ওই হারের পরই উঠেছিল গেল-গেল রব। সেটাই কুকের জেদ আরও বাড়িয়ে দিয়েছিল, ‘আমি একগুঁয়ে লোক। নিজের ওপর আমার আস্থা ছিল, তা ছাড়া আমি সহজে ভেঙে পড়ার মানুষ নই। কঠিন সময় উতরাতে এটাই আমাকে সাহায্য করেছে। খেলাধুলা আপনার চরিত্রের পরীক্ষা নেয়, ঘুরে দাঁড়ানোটা আমাদের দলীয় চরিত্রটাই ফুটিয়ে তুলেছে।’

দল তো ঘুরে দাঁড়িয়েছেই, তাতে নেতৃত্বও দিয়েছেন কুকই। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ২৫টি টেস্ট সেঞ্চুরি তাঁরই। কিন্তু সর্বশেষটি পাওয়ার পর কেটে গেছে এক বছরের বেশি সময়। এই সিরিজে সেঞ্চুরি না পেলেও সাউদাম্পটনের তৃতীয় টেস্টে তাঁর ৯৫ ও অপরাজিত ৭০ রানের দুই ইনিংসেই শুরু হয়েছিল ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানো। প্রথম ইনিংসে ১৫ রানের মাথায় রবীন্দ্র জাদেজা কুকের ক্যাচটা ফেলে দিয়েই যেন সিরিজের গতিপথ বদলে দিলেন। কুকও সিরিজ জয়ের আনন্দ উদ্‌যাপন করতে করতে ফিরে গেলেন সাউদাম্পটনে, ‘অবশেষে জয় পেলাম, আমাদের জন্য ওটাই ছিল মোড় ঘোরানো মুহূর্ত। (ওখানে) প্রথম দিনের পরেই দলটা যেন আত্মবিশ্বাস ফিরে পেল। ইংলিশ ক্রিকেটের একটা সিরিজ জয় দরকার ছিল, আমরা সেটা দিয়েছি।’ এএফপি, বিবিসি।