স্থগিত হলো পাকিস্তানের মেয়েদের ভারত-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে নিরাপত্তার আশ্বাস চান শাহরিয়ার খান
আগে নিরাপত্তার আশ্বাস চান শাহরিয়ার খান

আগামীকাল ভারত যাওয়ার কথা ছিল পাকিস্তান মহিলা ক্রিকেট দলের। কিন্তু শেষ পর্যন্ত যাত্রাটা স্থগিত হয়ে গেছে। পাকিস্তানের মেয়েদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপাতত ভারত যাচ্ছে না। নিরাপত্তার ব্যাপারে আশ্বাস না পেলে কবে যাবে সেটাও নিশ্চিত নয়।

নিরাপত্তা নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের চাপান উতোর চলছে অনেক দিন থেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি-আফ্রিদিদের ম্যাচ হওয়ার কথা ছিল ধর্মশালায়। সেটা নিয়েও কম হইচই হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটা সেখানে হবে কি না, সেই সংশয় এখনো আছে। হিমাচল প্রদেশ সরকার যেমন জানিয়ে দিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তার দায়িত্ব তারা নিতে পারবেন না। এবার সেই নিরাপত্তার কারণে মেয়েদের ক্রিকেট দলেরও ভারত যাত্রা অনিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এর মধ্যেই জানিয়ে দিয়েছে, নিরাপত্তার ব্যাপারে লিখিত আশ্বাস না পেলে তারা দল ভারতে পাঠাবে না।

কাল পিসিবি সভাপতি শাহরিয়ার খান নিশ্চিত করেছেন, ‘আমরা সরকারের সঙ্গে নিরাপত্তা নিয়ে কথা বলছি। সে জন্য ওদের যাত্রা স্থগিত করা হয়েছে।’ বৃহস্পতিবার আফ্রিদিদের উড়ে যাওয়ার কথা ভারতে, সেটাও এখন একটু অনিশ্চিত। আজ পাকিস্তান থেকে তিন সদ্যসের প্রতিনিধি দল যাছে ভারতে, তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্র: এনডিটিভি।