জিম্বাবুয়েকে ২৯৮ রানের চ্যালেঞ্জ

লক্ষ্যটা বড়ই ছিল। টসে হেরে ব্যাট করলেও জিম্বাবুয়েকে রান পাহাড়ে চাপা দেওয়ার যে স্বপ্নটা ছিল, সেই লক্ষ্য বেশ ভালোভাবেই পূরণ হয়েছে বাংলাদেশের। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস গড়ে মিরপুরে তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের দিকে বেশ ভালো চ্যালেঞ্জই ছুড়ে দেওয়া গেছে।
নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ২৯৭ রান। তিন শর চেয়ে মাত্র ৩ রান দূরে আটকে গেলেও পারিপার্শ্বিকতা বিচারে সংগ্রহটাকে বেশ বড়ই বলা যাচ্ছে।
বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড হয়ে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক। তাঁর ‘নড়বড়ে নব্বই’ মন খারাপ করে দেওয়ার মতো হলেও তাঁর অনবদ্য ইনিংসটি কিন্তু বাংলাদেশের দলীয় সংগ্রহের মূল অনুষঙ্গ হয়েই থাকছে।
এনামুলের জুটি-সঙ্গী তামিম ইকবালও দারুণ খেলছিলেন। উদ্বোধনী জুটিতে টানা দ্বিতীয় ম্যাচেও বড় সংগ্রহ স্বস্তি দিচ্ছে সবাইকে। ১২১ রানের শুরুর জুটিটা অবশ্য বিচ্ছিন্ন হয় এক দুর্ভাগ্যজনক রানআউটে। দ্রুত ১টি রান নিতে গিয়ে তামিমের হাত থেকে ব্যাট পড়ে গিয়েই বেধেছিল বিপত্তিটা। ক্রিজে পৌঁছালেও টেলিভিশন রিপ্লেতে তামিমের পা হাওয়ায় দেখেই তাঁকে সাজঘরে ফেরার ইঙ্গিত দিলেন তৃতীয় আম্পায়ার।
উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হওয়ার পরও মুমিনুলকে সঙ্গে নিয়ে ভালোই খেলছিলেন এনামুল। কিন্তু মুমিনুল ব্যক্তিগত ১৫ রানে ফেরার পর কিছুটা তাড়াহুড়ো করতে গিয়েই ৯৫ রানে একটা নিরীহ-দর্শন বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন এনামুল। ১২০ বল খেলে ৯টি চারে সাজানো ৯৫ রানের ইনিংস খেলে ডিপ মিডউইকেটে বদলি ফিল্ডার শিঙ্গি মাসাকাদজার হাতে ধরা পড়ার ঘটনাটি কিন্তু তাঁকে পোড়াবে অনেক দিনই।
তামিম-এনামুল-মুমিনুল ফেরার পর ইনিংসের ছন্দপতন ঠেকান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। নিজেদের মধ্যে ৭২ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে অনেক দূর টেনে নিয়ে যান তাঁরা। সাকিব ৩৩ বলে ৪০ রান করেন চারটি চারের সাহায্যে। মুশফিকুর রহিম করেন ৩৩। এই জুটি ভয়ংকর হয়ে উঠতেই জিম্বাবুয়ের ত্রাণকর্তা হয়ে আসেন তিনাশে পানিয়াঙ্গারা। সাকিব তাঁর বলে ধরা পড়েন চিগুম্বুরার হাতে। মুশফিককে বোল্ড করেন পানিয়াঙ্গারা।
বাংলাদেশের ইনিংসের চূড়ান্ত রূপটা দেন মাহমুদউল্লাহ। ৩৩ বলে ৩৩ রান করে বাংলাদেশের সংগ্রহকে নিয়ে যান প্রায় তিন শর কাছে। সঙ্গী হিসেবে পেয়েছিলেন সাব্বির রহমানকে। তাঁর ব্যাট থেকে আসে ২২ রান। ৫টি চারে নিজের ইনিংস সাজিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।
জিম্বাবুয়ের সেরা বোলার ওই পানিয়াঙ্গারাই। ৫৪ রানে তাঁর ঝুলিতে গেছে ২ উইকেট। এ ছাড়াও নেভিল মাদজিভা, তাফাদজাওয়া কামুনগোজি ও হ্যামিল্টন মাসাকাদজা তুলে নিয়েছেন একটি করে উইকেট।