স্নিকোমিটার ছাড়া ডিআরএস কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিআরএস আছে, কিন্তু সেটার পুরো সুবিধা নিতে হক-আইয়ের সঙ্গে আরও যে বাড়তি প্রযুক্তিটা প্রয়োজন, নেই সেই স্নিকোমিটার। কাল তাইজুল ইসলামের বলে ১১ রানে থাকা মোহাম্মদ হাফিজকে আম্পায়ার কট বিহাইন্ডের আউট দেওয়ার পরও তাই বেঁচে গেলেন পাকিস্তানের এই ওপেনার। হাফিজ রিভিউ চেয়েছিলেন। স্নিকোমিটার না থাকায় টেলিভিশন রিপ্লেতে আউটের ব্যাপারে নিশ্চিত হতে পারেননি টিভি আম্পায়ার। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তটি তাই বাতিল হয়ে গেল। কিন্তু বাংলাদেশ দলের বিশ্বাস, বলের সঙ্গে ব্যাট বা প্যাডের অস্পষ্ট সংস্পর্শকে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলার প্রযুক্তি স্নিকোমিটার থাকলে সিদ্ধান্তটা বহালও থাকতে পারত।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ওয়ানডের পর টেস্টেও শেষ মুহূর্তে ডিআরএস পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কিন্তু তাতে স্নিকোমিটার সংযুক্ত না করায় মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের ব্যাপারে সংশয় দূর করার পরিবর্তে উল্টো নতুন সংশয়ই তৈরি করছে। কিন্তু ডিআরএস নিয়েও স্নিকোমিটার নেওয়া হলো না কেন? মুঠোফোনে ঢাকা থেকে এই কৌতূহলের ব্যাখ্যা দিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমরা ডিআরএস নিয়েছি হক-আইয়ের কাছ থেকে। তাদেরও এই প্রযুক্তি আছে, তবে সেটা এখনো আইসিসির অনুমোদিত নয়। স্নিকোমিটার নিতে হলে নিতে হবে অস্ট্রেলিয়ার আরেকটা কোম্পানির কাছ থেকে। তাতে খরচটা প্রায় দ্বিগুণ হয়ে যায়।’
সূত্র জানিয়েছে, এই সিরিজের ডিআরএস প্রযুক্তির জন্য বিসিবির প্রতিদিন ব্যয় হচ্ছে ৬-৭ হাজার ডলার। স্নিকোমিটার নিলে খরচ দাঁড়াত এর প্রায় দ্বিগুণ। তবে ভবিষ্যতে ডিআরএস ব্যবহার করলে স্নিকোমিটারও থাকবে বলে আভাস দিলেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘স্নিকোমিটার ছাড়া যে ডিআরএসের পুরো সুবিধা পাওয়া যায় না, সেটা তো দেখাই যাচ্ছে। আমাদের চিন্তা আছে ভবিষ্যতে স্নিকোমিটার রাখার।’