স্পট ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হলেন ইরফান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। পিএসএলে স্পট ফিক্সিংয়ের ঘটনা তদন্ত করে আজ মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সিদ্ধান্ত নেয়।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বোর্ডের দুর্নীতি দমন নীতিমালার আওতায় তদন্ত সাপেক্ষে ইরফানকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।’
স্পট ফিক্সিং কেলেঙ্কারি শুরুতেই ঝড় তুলেছিল এবারের পিএসএলে। আন্তর্জাতিক বাজিকর সিন্ডিকেটের সঙ্গে জড়িত এমন একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখায় ইসলামাবাদ ইউনাইটেডের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফকে দুবাই থেকে দেশে ফেরত পাঠান হয়। পরে ওই ঘটনা তদন্ত করে এই দুজনকে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে পাঠানো হয়। পাকিস্তানি ওপেনার নাসির জামশেদকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ। পরে অবশ্য তাঁকে এপ্রিল পর্যন্ত জামিন দেওয়া হয়।
ইরফানকে প্রথমে এক ম্যাচের জন্য বাদ পড়লেও তাঁকে পিএসএলের বাকি ম্যাচগুলো খেলতে দেওয়া হয়েছিল। গত সোমবার পিসিবি ট্রাইব্যুনালের সামনে হাজির হয়ে ইরফান স্বীকার করেন গত ছয় মাসে বেশ কয়েকবার বাজিকরদের কাছ থেকে তিনি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন। দুর্নীতি বিরোধী আইনের নিয়ম হলো, কেউ অন্যায় প্রস্তাব পেলে যত দ্রুত সম্ভব তা কর্তৃপক্ষকে জানাতে হবে। ইরফান তা করেননি।
তবে আত্মপক্ষ সমর্থন করেছেন দীর্ঘদেহী এই ফাস্ট বোলার। গত সেপ্টেম্বরে তাঁর বাবা মারা যান। এ বছরের জানুয়ারিতে মারা যান তাঁর মা। এই শোকের কারণে বাজিকরদের প্রস্তাবের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে ব্যর্থ হয়েছেন বলে দাবি ইরফানের।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ৭ ফুট ১ ইঞ্চি লম্বা এই ফাস্ট বোলারের। পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট খেলেছেন। খেলেছেন ৬০ ওয়ানডে আর ২০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সূত্র: এএফপি।