স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত শ্রীশান্ত

অবশেষে আইনের চোখে দায়মুক্তি হলো শ্রীশান্তের। দুই বছর ধরে ফিক্সিংয়ের যে অপবাদ বয়ে বেড়াচ্ছিলেন, আজ তা থেকে মুক্তি পেলেন ভারতীয় এই পেসার। দিল্লির একটি আদালতের রায়ে শ্রীশান্ত ছাড়াও তাঁর দুই সতীর্থ অজিত চান্দিলা এবং অঙ্কিত চাভানও ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত হয়েছেন। অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলেই মুক্তি পেলেন অভিযুক্তেরা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো এঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়নি।
২০১৩ আইপিএলে পুলিশ শ্রীশান্তসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে স্পট ফিক্সিংয়ের অভিযোগে। এক বাজিকরের দেওয়া তথ্যে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছিল। দশ হাজার ডলারের বিনিময়ে এক ম্যাচে নাকি ইচ্ছাকৃতভাবে খারাপ বল করেছিলেন শ্রীশান্ত। তাঁর রাজস্থান রয়্যালসের অন্য দুই সতীর্থের বিরুদ্ধেও একই অভিযোগ ছিল। পরে জামিনে মুক্তি পান। আজ তো মামলা থেকেই অব্যাহতি মিলল।
শ্রীশান্ত রায়ের পর বলেছেন, ‘এটা অনেক বড় স্বস্তির ব্যাপার। আমার কারও বিরুদ্ধে কিছু বলার নেই। অনেক কঠিন সময় পার করতে হয়েছে। সবাইকে ওই সময়ে সাহস দেওয়ার জন্য ধন্যবাদ।’ জাতীয় দলে ফেরার আশাও প্রকাশ করেছেন ৩২ বছর বয়সী এই পেসার। তবে বিসিসিআই এখনো দুয়ারটা খুলছে না। সূত্র: এএফপি।