স্পাইডার ক্যাম আর প্রযুক্তির 'জালে' বিরক্ত ধোনি

মহেন্দ্র সিং ধোনি ঠিক প্রথাগত নন। কেতাবি ঢঙের বাইরে হেঁটেছেন, সেটা হেলিকপ্টার শট খেলাতেই হোক, কিংবা অধিনায়ক হিসেবে কোনো রণকৌশলে। ধোনি মানেই তো চমকে দেওয়া সব সিদ্ধান্ত, ধোনি মানেই ধারণার বাইরের অন্য কিছু। ভারতের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে ধোনি মানেই প্রথার বাইরে হাঁটার দুঃসাহস।
কিন্তু ক্রিকেটে প্রযুক্তির ‘লাগামছাড়া’ ব্যবহারে সেই ধোনিও বিরক্ত। ক্রিকেটে প্রযুক্তির নব্যতম সংযুক্তি স্পাইডার ক্যাম প্রসঙ্গে ধোনি নিজেকে ভিড়িয়েছেন প্রথাগতদের কাতারেই। বলেছেন, ‘আমার সব সময় মনে হয়েছে এসব ব্যাপারে একটু ভারসাম্য থাকা ভালো। দিন শেষে খেলাটা দর্শকের জন্যই, অধিকাংশই খেলা দেখে টিভিতে। কিন্তু এই চার রানে অনেক কিছুই নির্ভর করে। এ রকম একটা ম্যাচে তো অবশ্যই। এই রানগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত।’
ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের এক ঘটনায়। ওয়ানডাউনে নামা বিরাট কোহলি নিজের প্রথম বলেই চার ‘মেরেছিলেন’। অন্তত তাঁর মারা শটটি নিশ্চিত চারই হতো, যদি না বলটি স্পাইডার ক্যামেরার লাগত। ফলে বলটি শেষ পর্যন্ত ডেড ঘোষণা করা হয়। ৩৩০ রান তাড়া করতে নেমে এভাবে একটি চার নষ্ট হতে দেখে ভালো লাগেনি অধিনায়কের। দুই বল বাকি থাকতে ম্যাচ জিতেও নিজের বিরক্তি ঢাকতে পারেননি ধোনি।
এরপরই মাঠে যুক্ত হওয়া অন্যান্য প্রযুক্তির ওপর ঝাল ঝাড়লেন তিনি, ‘আমি একজন প্রথাগত মানুষ। খেলা নষ্ট করে এমন কোনো কিছুই আমি পছন্দ করি না। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এসব শুরু হয়েছে “একটা মাইক্রোফোন লাগিয়ে নিন”, “এবার একটা ক্যামেরাও লাগাও মাথায়”!’
দর্শক, টিভি আর বাণিজ্যিক দিক বিবেচনা করে ক্রিকেটের এসব উপদ্রব মেনে নিচ্ছেন। কিন্তু সেটি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়াতেই ধোনির আপত্তি, ‘মানুষ সব সময়ই বাড়তি কিছু চায়। ব্যাটসম্যান আউট হলো, আর সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যান আপনার নাকের ডগায়। স্পাইডার ক্যামও যেমন একদম পাশেই থাকে। এটা অনেক আওয়াজ করে। অনেক সময়ই দেখবেন খেলোয়াড়রা বিরক্তি নিয়ে তাকাচ্ছে ওদিকে। তাদের মনোভাবটাও বোঝা যায় তখন, “কী হচ্ছে এসব”?’
এরপরই এই সব ‘যন্ত্রণা’ থেকে মুক্তির উপায় খুঁজলেন ভারত অধিনায়ক, ‘এখন তো সবাইকে শাস্তি দেওয়া হয়। স্পাইডার ক্যামও বাদ যাবে কেন? একটা নিয়ম করা যায়, বল লাগলেই ২ হাজার ডলার জরিমানা। মজার হবে ব্যাপারটা। দর্শকের জন্যই যেহেতু এ সবের আয়োজন তখন করাই যায় এটা। ২ হাজার ডলারের সিদ্ধান্তটা দারুণ হবে!’