স্পিন দিয়েই ভারত-জয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অস্ত্রেই ভারত-বধের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া? আসন্ন ভারত সফরের দল দেখলে অন্তত তা-ই মনে হবে। ১৬ জনের দলে চার স্পিনার! নিজেদের মাটিতে যে স্পিন ভারতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, সেই স্পিন দিয়েই ভারত-জয়ের পরিকল্পনা স্টিভেন স্মিথ অ্যান্ড কোম্পানির।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে থাকা দুই স্পিনার নাথান লায়ন ও স্টিভেন ও’কিফের সঙ্গে ডাক পেয়েছেন অ্যাশটন অ্যাগার ও মিচেল সোয়েপসন। বাঁহাতি স্পিনার অ্যাগার সর্বশেষ খেলেছেন ২০১৩ অ্যাশেজের লর্ডস টেস্টে। আর লেগ স্পিনার সোয়েপসনের তো এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি। তবে শেফিল্ড শিল্ডে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৬ উইকেট অ্যাগারের। ২৩ বছর বয়সী সোয়েপসনকে তো অনেকে নতুন ওয়ার্নই বলছেন অস্ট্রেলিয়ায়। কুইন্সল্যান্ডের জার্সিতে গত মৌসুমে শেফিল্ড শিল্ডে ৬ ম্যাচে ৩৭.৯৪ গড়ে তাঁর ১৭ উইকেট। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স তাঁকে নিয়ে বেশ আশাবাদী, ‘অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সঠিক পরিকল্পনার ফসল সোয়েপসন। ঘরোয়া ক্রিকেটে গত মৌসুম দারুণ কেটেছে ওর। এখন দেখার অপেক্ষা ভারতীয় কন্ডিশনে ও কতটা সফল হতে পারে।’ গত কয়েক সপ্তাহে সোয়েপসন আলাদা করে পরামর্শও নিয়েছেন ওয়ার্নের কাছ থেকে।

স্পিন খেলার দক্ষতা আর আইপিএলে খেলার অভিজ্ঞতার কারণেই টেস্ট দলে ফেরানো হয়েছে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। ২০১৪ সালে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ম্যাক্সওয়েল।

দুবাইয়ে প্রস্তুতি ক্যাম্প শেষে আগামী মাসে ভারত যাবে অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি পুনেতে। ক্রিকইনফো, রয়টার্স।

অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, শন মার্শ, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), পিটার হ্যান্ডসকম্ব, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, জ্যাকসন বার্ড, নাথান লায়ন, স্টিভেন ও’কিফ, অ্যাশটন অ্যাগার, মিচেল সোয়েপসন।