অস্ট্রেলিয়াকে কঠিন সময় উপহার দিতে নিজেদের তৈরি করছেন তামিম-মুশফিকরা। লাল ও সবুজ দলে ভাগ হয়ে চট্টগ্রামে নিজেদের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলে গতকালই ঢাকায় ফিরেছেন তাঁরা। ওদিকে কোনো হোঁচট যাতে খেতে না হয়, সেই প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ড্যারেন লেম্যানের দলের অনুশীলন ক্যাম্প চলছে ডারউইনে। দুটি দলে ভাগ হয়ে স্মিথ-ওয়ার্নাররাও অনুশীলন ম্যাচ খেলতে নেমে যাবেন আগামীকাল।
গত দুই বছরে বাংলাদেশ থেকে টেস্ট সিরিজ জিতে যেতে পারেনি ভারত (একটি মাত্র টেস্ট), দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল উত্তরসূরিদের সাবধান করে দিয়ে বলেছেন, অস্ট্রেলিয়ার এবারের বাংলাদেশ সফরটি কঠিনই হবে।
অস্ট্রেলিয়া ভালো করেই জানে বাংলাদেশে সিরিজ জয়ে তাদের সবচেয়ে বড় বাধা বাংলাদেশের স্পিন আক্রমণ। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দুটির মীমাংসা হতে দেয়নি আসলে বৃষ্টি। তবে ইংল্যান্ডকে গত বছর দুই টেস্টের সিরিজটি জিততে দেয়নি সাকিব-মিরাজদের স্পিন। ১১ বছর আগে বাংলাদেশের স্পিন বোলিংয়ের শক্তিমত্তা টের পেয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ফতুল্লায় প্রথম টেস্টে ৩ উইকেটে জিতেছিল সফরকারীরা। তবে সেই ম্যাচে ৯ উইকেট নিয়ে পন্টিং-ক্লার্কদের বড় পরীক্ষার সামনেই ঠেলে দিয়েছিলেন মোহাম্মদ রফিক। গত বছর দুই টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ‘জীবন’ কঠিন করে দিয়েছিলেন তরুণ অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে নিয়েছিলেন ১৯ উইকেট। আর সাকিব আল হাসান তো অনেক দিন ধরেই বাংলাদেশের স্পিন আক্রমণের নেতা।
সাম্প্রতিক এই ইতিহাস জানেন বলেই স্মিথ-ওয়ার্নাররা কোমর বেঁধে স্পিন সামলানোর প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচটির দুটি একাদশও সেটাই বলে। অধিনায়ক স্টিভেন স্মিথের একাদশে আছেন ১৪ সদস্যের দলের আট ব্যাটসম্যানের পাঁচজন। সেই পাঁচজন স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ ও ম্যাথু ওয়েড সামলাবেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার একাদশের পাঁচ স্পিনারকে। ওয়ার্নারসহ ওয়ার্নার একাদশের আর দুই ব্যাটসম্যান হিলটন কার্টরাইট ও পিটার হ্যান্ডসকম্বকে সামলাতে হবে বাঁহাতি স্পিনার টম অ্যান্ড্রুস ও লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে।
অস্ট্রেলিয়া ধরেই নিয়েছে বাংলাদেশ সফরে তাদের জন্য অপেক্ষা করছে স্পিনিং উইকেট। ১৪ সদস্যের দলেও তাই অ্যাশটন অ্যাগার ও নাথান লায়নের সঙ্গে নেওয়া হয়েছে বাড়তি আরেকজন স্পিনারকে। স্পিন নিয়ে অস্ট্রেলিয়ানদের মনে কী চলছে সেটা স্পষ্ট আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার সোয়েপসনের কথায়, ‘এখানে (ডারউইনের প্রস্তুতি ম্যাচে) বেশি স্পিনার নিয়ে আসাটা ভালোই। ভারতে অনুশীলনে আমাদের চার বা পাঁচজন স্পিনার ছিল। এখানেও বেশি স্পিনার থাকাটা আমাদের জন্য ভালো। নিজেদের ভাবনা আদান-প্রদান করা যায় এতে। আমি ডারউইনের স্থানীয় কয়েকজনের কাছে শুনেছি মারারা ওভালের উইকেট স্পিনবান্ধব। বাংলাদেশে যা করতে চাই তা নিয়ে এখানে কাজ করতে পারব বলে আশা করি।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।