স্পিন হান্টের সেরা নাঈম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাঈম আহমেদের তো মন খারাপ! রবি স্পিন হান্টে শেষ ২০ জনের মধ্যে থাকা স্পিনারদের সাক্ষাৎকার নিচ্ছেন সংবাদকর্মীরা। কিন্তু ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার নাঈমের দিকে খুব একটা আগ্রহ নেই কারও।
কয়েক ঘণ্টা পর বদলে গেল পুরো ছবিটা। বিসিবি একাডেমি মাঠে সবার আগ্রহের কেন্দ্রে চলে এলেন নাঈম আহমেদ। খানিক আগেই তিনি নির্বাচিত হয়েছেন রবি স্পিন হান্টে সেরা স্পিনার হিসেবে। তাঁর সঙ্গে সেরা বৈচিত্র্যপূর্ণ স্পিনার হয়েছেন সিলেটের নাঈম হোসেন আর সেরা অ্যাকুরিসি স্পিনার রংপুরের রিশাদ হোসেন।
স্পিনারের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির আয়োজনে ‘খোঁজ: দ্য নাম্বার ওয়ান স্পিনার’ কর্মসূচি শুরু হয় গত ১৪ ফেব্রুয়ারি। প্রায় দুই মাসের কর্মসূচির সমাপ্তি হলো কাল। প্রাথমিক পর্বে ছেলেমেয়ে মিলিয়ে বাছাই করা ১ হাজার স্পিনারের মধ্যে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন ১০ জন। শীর্ষ দশের চারজন লেগ স্পিনার, একজন ‘চায়নাম্যান’, তিনজন বাঁহাতি স্পিনার আর বাকি দুজন অফ স্পিনার। এই ১০ জনের সঙ্গে সেরা নারী স্পিনার হয়েছেন খুলনার সুলতানা খাতুন ও প্রতিবন্ধী ক্রিকেটার হিসেবে সেরা নির্বাচিত হয়েছেন ঢাকার মোহাম্মদ নাসিম।
স্পিন হান্টের সেরা হওয়ায় উচ্ছ্বাসের ঢেউ নাঈম আহমেদের চোখেমুখে। কিন্তু তাঁর যে উচ্চতা চাইলে তো পেসারও হতে পারতেন। ১৮ বছর বয়সী তরুণ স্পিনারের যুক্তি, ‘বেশি উচ্চতা থাকলেই যে পেসার হতে হবে, এমন কিছু নয়। যার যে প্রতিভা সেটা ভালোভাবে কাজে লাগানো উচিত। আমার হাতে অনেক বৈচিত্র্য আছে। আমি টার্ন করাতে পারি, দুসরা মারতে পারি। বল স্কিডও করাতে পারি। ভালো স্পিনার হওয়ার চেষ্টা সে কারণেই।’
বোলার হিসেবে কাউকে আদর্শ মানেন না নাঈম। কেন মানেন না, দার্শনিক উত্তরই মিলল তাঁর কাছে, ‘কাউকে যদি অনুসরণ করি তবে তার সমান কিংবা তার চেয়ে একটু কম পর্যায়ে পৌঁছানো যাবে। আর যদি কাউকে অনুসরণ না করি, সবাইকে ছাড়িয়ে যেত পারব।’ তবে জানিয়ে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন, সাকিব আল হাসান ও শহীদ আফ্রিদির বোলিং তাঁর ভালো লাগে।
স্পিনার বাছাইয়ের দায়িত্ব ছিল তিন কোচ ওয়াহিদুল গণি, সোহেল ইসলাম ও রাশেদ ইকবালের। ঠিক জায়গায় বোলিং করা, বৈচিত্র্য, ধারাবাহিকতা, ভারসাম্য, অ্যালাইনমেন্ট, চাকিং না করা—ইত্যাদি মানদণ্ড যাচাই করে সেরা স্পিনার নির্বাচন করেছেন তাঁরা। বিজয়ীদের নিয়ে আশাবাদী হলেও প্রধান বিচারক ওয়াহিদুল কিছু বাস্তবতাও তুলে ধরলেন, ‘বিজয়ী হয়েছে মানেই তারা দেশের সেরা স্পিনার নয়। আমরা কিছু মানদণ্ডের ভিত্তিতে তাদের নির্বাচন করেছি। আর তারা কোনো ব্যাটসম্যানকেও বোলিং করেনি। আগামী কয়েক বছর তাদের নিয়ে আরও কাজ করতে হবে, সময় দিতে হবে। তবে হাজারো স্পিনারদের মধ্যে যারা বিজয়ী হয়েছে, নিশ্চয়ই তারা প্রতিভাবান।’