স্পিনবান্ধব উইকেট যেভাবে সাহায্য করছে সাইফউদ্দিন–মোস্তাফিজদের
ব্যাটসম্যানদের জন্য কন্ডিশনটা চ্যালেঞ্জিং, সেটা আলাদা করে না বললেও চলে। মিরপুরের এমন উইকেটে বোলিং করাটা চ্যালেঞ্জিং পেসারদের জন্যও। অনুশীলন করেই নিউজিল্যান্ড পেসার বেন সিয়ার্স জানিয়েছিলেন, জোরে বোলিং করলেই মার খাচ্ছেন তিনি। এমন উইকেটে গতির চেয়ে তাই বৈচিত্র্যের দিকেই নজর বেশি দিতে হচ্ছে পেসারদের। তবে মোহাম্মদ সাইফউদ্দিন বলছেন, স্পিনিং উইকেট বরং উইকেট পেতে সহায়তাই করছে তাঁদের।
প্রথম ম্যাচে দুই বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন মিলে করেছেন ৪.৫ ওভার, তবে ৫টি উইকেট পেয়েছেন তাঁরাই। সাইফউদ্দিন বলছেন, স্পিনারদের তৈরি করা চাপেই উইকেট মিলেছে তাঁদের, ‘স্পিনিং উইকেট হওয়ায় আমাদের পেস বোলারদের জন্য সুবিধা হচ্ছে (আসলে)। কারণ, কাটার করা যাচ্ছে এখানে। স্পিনের বিপক্ষে রান না পাওয়ায় ওরা আমাদের (পেসার) বিপক্ষে সুযোগ নিতে চেয়েছিল। এ কারণে আমরা উইকেট নিতে পেরেছি। এ জন্য আমাদের জন্য উইকেট বের করার ভালো একটা সুযোগ।’
অবশ্য পেসার হিসেবে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটাও থাকছেই তাঁদের, ‘পেস বোলার হিসেবে আমাকে সব কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা ম্যাচ ধরে ধরেই চিন্তা করি। এখন আমাদের সামনে যে উইকেট, ওই কন্ডিশন অনুযায়ী বল করার চেষ্টা করছি। পরের ম্যাচে যদি পিচের চরিত্র বদলে যায়, তাহলে সে অনুযায়ী আমরা বাউন্সার, স্লোয়ার, ইয়র্কার বা ওয়াইড ইয়র্কার—এসব দিকে যাব। যেহেতু এখানে কাটারটা বেশি কার্যকর, তাই এখন এটার চেষ্টা করছি। উইকেট বদলে গেলে খাটো লেংথে জোরে বল করার চেষ্টা করব। আমাদের বোলিং কোচ বা প্রধান কোচ যখন যে পরিকল্পনা দেয়, অমরা সেভাবেই বল করার চেষ্টা করি।’
শুধু রাসেল ডমিঙ্গো বা ওটিস গিবসন না, সাইফউদ্দিন আলাদা করে বললেন রায়ান কুকের কথাও। এমনিতে ফিল্ডিং কোচ হলেও কুক সহায়তা করেন অন্য জায়গাতেও, ‘রায়ান কুককে ধন্যবাদ জানাতে হয়। আমাদের কোচিং স্টাফের মধ্যে সবচেয়ে পরিশ্রমী বলতে হবে তাকেই। শুধু ফিল্ডিংয়ের জন্য নয়, এর পাশাপাশি ব্যাটিং-বোলিংয়েও নানা কৌশল শেখাতে সহায়তা করে ও। আসলে অনুশীলনে শেখায়, ম্যাচে কী করণীয়, সেটাও জানায়—সেগুলোর প্রভাব ধীরে ধীরে পাচ্ছি আমরা। ম্যাচে পেসারদের শরীরী ভাষা কেমন হবে বা ফিল্ডার উন্নতি—এসব আমাদের দলের জন্য অনেক ভালো দিক।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সর্বশেষ সিরিজ বলে এমন উইকেটে ম্যাচ খেলা নিয়ে আলোচনা আছে বেশ। তবে সাইফউদ্দিনও বলছেন জয়ের আত্মবিশ্বাসের কথাই, ‘যেহেতু সামনে বিশ্বকাপ, টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যে এখানে ফেবারিট বলাটা কঠিন। ব্যাটিং উইকেটে খেলা হলে যেদিন যারা ছন্দে থাকবে, তারাই জিতবে। এ জন্য আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাশা আল্লাহ শেষ কয়েকটা ম্যাচে টানা জয়ের ধারায় আছি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতেও যদি জয়ের ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে বিশ্বকাপের কোয়ালিফাই (প্রথম পর্ব) ম্যাচ থেকে শুরু করে সব ম্যাচে ভালো কাজে দেবে।’
সাইফউদ্দিন অবশ্য মানছেন, এখানে খেলার অভিজ্ঞতা খুব একটা কাজে দেবে না ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে। তবে এখানেও বড় করে দেখছেন আত্মবিশ্বাসটাই, ‘এখানকার অভিজ্ঞতাটা খুব একটা কাজে আসবে না (সেখানে)। কিন্তু আত্মবিশ্বাসটা যদি নিয়ে যেতে পারি, যেহেতু আমরা প্রস্তুতির সুযোগ পাব ওখানে—এরপর আমরা নিজেদের যত দ্রুত মানিয়ে নিতে পারব, ততটাই ভালো হবে। আর আমাদের বোলারদের সামর্থ্য অনেক, অনেক কন্ডিশনেই ম্যাচ খেলেছি আমরা। আমি মনে করি, আমরা মানিয়ে নিতে পারব।’