রবিচন্দ্রন অশ্বিন ৫, রবীন্দ্র জাদেজা ৩, অমিত মিশ্র ২। ভারতের তিন স্পিনার মিলেই ধসিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। টেস্টে ভারতীয় স্পিনাররা প্রতিপক্ষের সবগুলো উইকেট তুলে নেওয়াটাকে অভ্যাসই বানিয়ে ফেলেছেন। টেস্ট ইতিহাসে এ পর্যন্ত মাত্র ৮৩ ইনিংসে ১০টি উইকেটই গেছে স্পিনারদের দখলে। এর ৩৭টিই আবার ভারতীয় স্পিনারদের সৌজন্যে। এই তালিকায় সংখ্যার হিসাবে পাকিস্তান অনেক পিছিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ১২ বার ইনিংসে ১০টি উইকেটই নিয়েছেন পাকিস্তানি স্পিনাররা। এরপরই আছে শ্রীলঙ্কা (১০), অস্ট্রেলিয়া (৮) ও ইংল্যান্ড (৮)। বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ২ বার করে প্রতিপক্ষের সব উইকেট নিয়েছেন। একমাত্র জিম্বাবুয়ের স্পিনাররাই ইনিংসে ১০ উইকেট নিতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে টেস্টে সবচেয়ে বেশি তিনবার ২০ উইকেট নিয়েছেন ভারতের স্পিনাররাই।