স্পিনারদের উইকেটে ব্রাদার্সের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদীর বড় ভূমিকা গাজী গ্রুপের জয়ে।
মেহেদীর বড় ভূমিকা গাজী গ্রুপের জয়ে।

প্রথম ভাগেই ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল। তুষার ইমরানের মতো অনিয়মিত বোলারের বল খেলতেই রীতিমতো কালঘাম ছুটে গিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটসম্যানদের। বিকেএসপির ব্যাটিং উইকেট হঠাৎই ‘মাইনফিল্ডে’ পরিণত হওয়ায় ব্রাদার্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৭ রানে গুটিয়ে গিয়েছিল তারা। ব্রাদার্সের জন্য রান তাড়াটা কঠিন হবে—এটা অনুমান করাই গিয়েছিল। কিন্তু ব্রাদার্স আত্মসমর্পণ করল অসহায়ের মতোই। ১২৪ রানে অলআউট হয়ে ব্রাদার্স ম্যাচটা হেরেছে ৪৩ রানে।
বল হাতে ৪ উইকেট নিয়ে গাজী গ্রুপকে অল্পতেই শেষ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তুষার। ব্যাট হাতেও করেছেন সর্বোচ্চ ৪১ রান। কিন্তু দলকে জেতাতে পারেননি। সতীর্থ ব্যাটসম্যানদের মধ্যে ইমরুল কায়েস, জাকির হাসান, ইফতেখার সাজ্জাদ, আর আসিফ হোসেনরা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। ভালো শুরু করেও আত্মসমর্পণ করেছেন তাঁরা। ব্রাদার্সের তিন ব্যাটসম্যান—মিলিন্দ কুমার, সানজিত সাহা ও নূর আলম ফিরেছেন শূন্য রানে। ওপেনার শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে এসেছে ৮ রান।
গাজী গ্রুপের সেরা বোলার ছিলেন মেহেদী হাসান। এর আগে মাত্র ৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ১২ উইকেট পাওয়া এই অফব্রেক বোলারই মূলত ধস নামিয়েছেন ব্রাদার্সের ব্যাটিংয়ে। ১৬ রানে তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট। পাশাপাশি গুরকিরাত সিং, অলক কাপালি ও সালেহীন সাদ—প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট।