স্পিনারদের ভূমিকা নিয়ে ভাবছেন মাশরাফি

ইংল্যান্ডে পেস বোলাররা বড় ভূমিকা রাখবে—প্রচলিত ধারণা এমনই। ইংলিশ কন্ডিশন তো সব সময়ই পেসবান্ধব। কিন্তু বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কেবল পেস বোলিং নিয়েই ভাবছেন না। তাঁর ভাবনায় আছে স্পিনাররাও।
বাংলাদেশ কখনোই পেস বোলিং-নির্ভর দল নয়। বরং স্পিন আক্রমণ অনেক সময়ই বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের ক্রিকেট বিশ্বকাপে পেসাররা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, সেটি বোঝা গেছে প্রথম কয়েকটি ম্যাচেই। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও চান সাকিব আল হাসানের নেতৃত্বাধীন স্পিন আক্রমণের কার্যকরী ব্যবহার। কিন্তু ইংলিশ কন্ডিশন স্পিনারদের কতটা সহায়ক হবে, সেটি নিয়ে একটা দুশ্চিন্তা আছেই তাঁর মধ্যে।
আজ ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণে স্পিন নাকি পেস কোনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেটি নিয়ে এক ধরনের দ্বিধা কাজ করছে অধিনায়কের মধ্যে। তিনি এটিই জানেন, ইংল্যান্ডে স্পিন সহায়ক পরিবেশ না থাকলেও পেসাররাই যে সর্বেসর্বা হবেন, এমন কোনো কথা নেই।
ম্যাচের আগে বোলিং নিয়ে নিজের মনের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেটি জানিয়েছেন মাশরাফি, ‘প্রথম কিছু ম্যাচে পেস বোলাররা বেশ কিছু উইকেট পেয়েছে। কিন্তু আগামীকাল (আজ) ভিন্ন ম্যাচ, সম্ভবত উইকেট ফ্ল্যাট হবে। এই উইকেটে স্পিনাররাও ভূমিকা রাখতে পারে। আপনি কখনোই আগে থেকে কিছু বলে দিতে পারেন না, সব সময় সবাইকেই প্রস্তুত থাকতে হবে।’
তবে প্রতিপক্ষের পেস বোলিং যে বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সেটি জানেন মাশরাফি। তিনি মনে করেন প্রতিপক্ষের আক্রমণ যেমনই হোক, সেটি সামলানোর মানসিক প্রস্তুতিটা থাকতে হবে সবারই, ‘আপনি জানেন না প্রতিপক্ষের বোলিং আক্রমণটা কেমন হবে। তবে পেস হোক কিংবা স্পিন, সেটি ভালোভাবে সামলানোর প্রস্তুতি আপনার থাকতেই হবে।’
আজকের ম্যাচ নিয়ে তাঁর ভাবনা অনেকটা এমন, ‘আমি আত্মবিশ্বাসী, আগামীকাল (আজ) আমরা আমাদের সর্বোচ্চটাই দেব। অবশ্যই ফলাফল বড় ব্যাপার কিন্তু আমরা কী ধরনের চেষ্টা করছি সেটিও অনেক কিছু।’