স্পিনাররা এগিয়ে রাখল পাকিস্তানকে

প্রভাত সব সময় দিনের পূর্ভাবাস দেয় না! অস্ট্রেলিয়ার ইনিংসটি অন্তত তা-ই বলছে। দুবাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে বড় ইনিংসের পূর্ভাবাস দিয়েছিল ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্সের উদ্বোধনী জুটি। দুই ওপেনার তুললেন ১২৮ রান। কিন্তু সতীর্থরা এ গতি ধরে রাখতে পারলেন না। পাকিস্তানের স্পিনারদের আধিপত্যে অস্ট্রেলিয়া অলআউট ৩০৩ রানে। দ্বিতীয় ইনিংসে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৩৮। মিসবাহ-উল-হকের দল এগিয়ে ১৮৯ রানে।
পাকিস্তানকে লিড এনে দেওয়ার মূল কাজটি করেছেন স্পিনাররা। ৬ উইকেট নিয়েছেন স্পিনাররা, তিনটি পেসাররা আর বাকিটা রানআউট। সবচেয়ে সফল অভিষিক্ত লেগ স্পিনার ইয়াসির শাহ। নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এ ছাড়া রাহাত আলী ও জুলফিকার বাবর নিয়েছেন দুটি করে উইকেট।
বিনা উইকেটে ১১৩ রান তুলে গত দিন শেষ করে অস্ট্রেলিয়া। আজ ১৫ রান যোগ করতেই রাহাত আলী ফেরান রজার্সকে। এরপর অবশ্য আর কোনো বড় জুটি গড়ে ওঠেনি অস্ট্রেলিয়ার। সতীর্থদের যাওয়া-আসার ফাঁকেই হ্যাটট্রিক সেঞ্চুরিটা তুলে নেন ওয়ার্নার। টেস্টে পরপর তিন ইনিংসে সেঞ্চুরি করা সপ্তম অস্ট্রেলীয় ব্যাটসম্যান ওয়ার্নার।
গত ফেব্রুয়ারিতে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৫ রান করার পর থেকেই ওয়ার্নারের ব্যাটে যেন রানের বন্যা বয়ে যাচ্ছে! এর পরের ইনিংসগুলো দেখলেই বোঝা যাবে বিষয়টি—৭০, ৬৬, ১৩৫, ১৪৫ আর আজ ১৩৩। ফর্মের তুঙ্গে রয়েছেন এ অস্ট্রেলীয় ব্যাটসম্যান। ওয়ার্নার বাদে অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটসম্যানদের কেউ-ই পঞ্চাশোর্ধ্ব ইনিংস গড়তে পারেননি। মিচেল জনসন এবং ও’কিফ নবম উইকেট জুটিতে ৩২ রান না তুললে অস্ট্রেলিয়ার ইনিংস ৩০০ পেরোতো কি না, সন্দেহ! টেন ক্রিকেট ও ক্রিকইনফো।