স্পিনারহীন বিসিবি একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন টেস্টের আগে একটিই প্রস্তুতি ম্যাচ। কিন্তু ম্যাচের আগেই বলে দেওয়া যায়, জিম্বাবুয়ের প্রস্তুতি খুব একটা যুতসই হবে না। বাংলাদেশে জিম্বাবুয়ের মূল চ্যালেঞ্জ হবে স্পিন খেলা। সেই চ্যালেঞ্জের প্রস্তুতি তারা নিতে পারছে না প্রস্তুতি ম্যাচে। প্রতিপক্ষ বিসিবি একাদশে যে বিশেষজ্ঞ স্পিনার নেই একজনও! ১৪ জনের দলে পেসার ৫ জন।
শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার জসিমউদ্দিন, পেসার মেহেদি হাসানের মতো প্রায় অচেনা নামও আছে দলে। আছেন গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ভালো করেও গত কিছুদিনে ‘এ’ দল বা একাডেমি দলে না থাকা রনি-তাইবুর-আসিফরা। স্পিনার না থাকা প্রসঙ্গে স্রেফ ‘হাসি’ উপহার দিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, তাতে উত্তরটা বুঝে নিতে সমস্যা হয় না একটুও। বেশ কজন আনকোরা ক্রিকেটার প্রসঙ্গে প্রধান নির্বাচকের উত্তর, ‘জিম্বাবুয়েকে খুব একটা শক্ত দলের বিপক্ষে প্রস্তুতি নিতে দিতে চাইনি আমরা। তা ছাড়া তরুণেরা এবং অন্য যারা এই পর্যায়ে খেলেনি, ওদেরও একটু অভিজ্ঞতা হলো। সবাইকে একটু দেখেও নিতে চাই। এ জন্যই এই দল।’
গত জাতীয় লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন আসিফ আহমেদ (৭ ম্যাচে ৬১৪), রনি তালুকদার করেছিলেন চতুর্থ সর্বোচ্চ রান (৫০০)। আর বাঁহাতি তাইবুর পারভেজ করেছিলেন ৪৫০। কাজ চালানো স্পিনও করতে পারেন আসিফ ও তাইবুর। ফতুল্লায় তিন দিনের ম্যাচটি শুরু আগামী পরশু।

বিসিবি একাদশ: শামসুর রহমান, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, শুভাগত হোম, রনি তালুকদার, নাঈম ইসলাম, জসিমউদ্দিন (উইকেটকিপার), দেওয়ান সাব্বির, শুভাশিস রায়, মেহেদি হাসান, রবিউল ইসলাম, মুক্তার আলী, তাইবুর পারভেজ, আসিফ আহমেদ।