স্পিনে অস্ট্রেলিয়া জয়ের প্রতিজ্ঞা

অস্ট্রেলিয়ার উইকেট মানেই চোখধাঁধানো গতি। মুখের দিকে ধেয়ে আসা সব বাউন্সার। পেসাররাই সেখানে ব্যাটসম্যানদের যমদূত। সাপের মতো ছোবল দেওয়া দূরের কথা, স্পিনারদের ঘূর্ণিবলই বরং ওইসব উইকেটে কিছুটা স্বস্তি দেয় ব্যাটসম্যানদের। বিশ্বকাপের উইকেট শেষ পর্যন্ত কেমন হবে কে জানে, তবে অস্ট্রেলিয়ার উইকেট সম্পর্কে সাধারণ ধারণা এমনই।
গ্রুপপর্বে বাংলাদেশের দুটি ম্যাচ আছে নিউজিল্যান্ডেও। তবে অস্ট্রেলিয়াতেই চারটি ম্যাচ বলে বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে আলোচনায় ‘অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া’ রবই বেশি শোনা যাচ্ছে। যে অস্ট্রেলিয়াকে মনে করা হয় পেসারদের স্বর্গভূমি। সেখানে ব্যাটসম্যানদের কাজটা তো চ্যালেঞ্জিং হবেই, স্পিনারদের কাজটাও কি নয়?
আরাফাত সানি ও তাইজুল ইসলাম তা মানছেন না। দুজনই বাঁহাতি স্পিনার এবং জাতীয় দলে মোটামুটি নতুন। দুজনেরই প্রথম বিশ্বকাপ। কিন্তু অস্ট্রেলিয়াকে ঘিরে ‘পেস, পেস’ রবে তাঁরা ভ্রুক্ষেপই করছেন না। ওখানকার পেসসহায়ক উইকেটও স্পিনারদের দিকে হাত বাড়িয়ে দিতে পারে বলেই তাঁদের বিশ্বাস। কাল বিশ্বকাপ প্রস্তুতি শুরুর প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দুজন। মাইক্রোফোনটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে প্রথমে তাইজুল বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেছি, ওখানেও কিন্তু বাউন্সি উইকেটই ছিল। আল্লাহর রহমতে ওখানে ভালো হয়েছে। আত্মবিশ্বাস রাখাটা অনেক বড় ব্যাপার। যত আত্মবিশ্বাস রাখব, ততই ভালো হবে।’ আর সানি তো স্পিনারদের জন্য অস্ট্রেলিয়ার মাঠে সুবিধাই খুঁজে পাচ্ছেন, ‘অস্ট্রেলিয়ার মাঠগুলো অনেক বড়, পেস বলে মারলে দেখা যাবে সহজেই বাউন্ডারি হচ্ছে। স্পিন বলে সেটা না-ও হতে পারে।’
অস্ট্রেলিয়ার উইকেট সম্পর্কে ধারণা পেতে টেলিভিশনে নিয়মিত দেখেছেন সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ, বাদ দিচ্ছেন না বিগ ব্যাশও। তা ছাড়া অস্ট্রেলিয়ায় যাওয়ার পরও হাতে বেশ কিছুদিন সময় পাওয়া যাবে। বাউন্সি উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটা তাই সমস্যা মনে হচ্ছে না সানির। আর অস্ট্রেলিয়ার উইকেট সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁদের সাহায্য তো পাচ্ছেনই। বিগ ব্যাশে খেলার সুবাদে সাকিব এ ব্যাপারে অনেকটাই অভিজ্ঞ এখন। অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা আছে মাশরাফি-তামিমসহ বিশ্বকাপের দলে থাকা আরও কয়েকজন ক্রিকেটারের। কাজে লাগবে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সেখানে বছর চারেক কাজ করে আসার অভিজ্ঞতাও। সানিই বলছিলেন, ‘হেড কোচ হাথুরুসিংহে অনেক দিন অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। ভিন্ন কন্ডিশন বলতে আমাদের উইকেটটা একটু লো, আর ওখানে বাউন্স একটু বেশি। আমাদের কাজ হচ্ছে সঠিক জায়গায় বল করা।’

বাংলাদেশের স্পিন আক্রমণের নেতৃত্ব থাকবে সাকিব আল হাসানের কাঁধে। কোনো ম্যাচে তিন বাঁহাতি স্পিনার খেলিয়ে দেওয়ার মতো চমক-জাগানিয়া সিদ্ধান্ত না হলে তাঁর সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে যোগ হতে পারেন তাইজুল বা সানির একজন। সানির বিশ্বাস, যে-ই সুযোগ পান, অস্ট্রেলিয়ার উইকেটে তাঁদের বোলিংও ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারবে। দুজনই বাঁহাতি স্পিনার হলেও একটু যে আলাদা, বললেন সেটিও, ‘তাইজুল একটু ফ্লাইট দেয়, বল টার্ন করায়। আর আমি বল করি উইকেট সোজা, সব সময়ই চেষ্টা করি রান কম দিতে।’
বিশ্বকাপে খেলা যেকোনো ক্রিকেটারের জন্যই বড় এক স্বপ্নপূরণের মতো ব্যাপার। তাইজুল স্বপ্নটা দেখেছেন অনেক আগে থেকেই, ‘স্বপ্ন তো মানুষ হঠাৎ করে দেখে না। যখন টেস্ট সিরিজ খেলেছি, তখন চিন্তা করেছি ওয়ানডে খেলার। মনের মধ্যে কাজ করেছে, যখন সুযোগ পাব তখন এমন কিছু করব, যাতে আমি আরও ভালো জায়গায় খেলতে পারি।’ একই স্বপ্ন ছিল সানিরও। সেই স্বপ্নপূরণটা যখন সময়ের ব্যাপার, তাঁর চোয়াল হয়ে যাচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ, ‘বিশ্বকাপ স্বপ্নের মতো; কিন্তু কেবল স্বপ্নের মধ্যে থাকলেই হবে না। এখান থেকে বের হতে হবে। আমরা ম্যাচে ভালো খেলব, এটাই প্রতিজ্ঞা করতে হবে আমাদের।’ একই প্রতিজ্ঞা তাইজুলেরও। সঙ্গে তাঁর আছে একটা বিশেষ লক্ষ্য—সেরা ১০ বোলারের মধ্যে থাকা।
বিরুদ্ধ পরিস্থিতিতেও সানি-তাইজুলের মুখে অস্ট্রেলিয়া জয়ের প্রতিজ্ঞা প্রেরণা হতে পারে গোটা দলের জন্যই।