স্পিনে আশা কালপাগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিমকে হয়তো একটু বেশিই সময় দিচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কাল হ্যামিল্টনের অনুশীলনে  l শামসুল হক
তামিমকে হয়তো একটু বেশিই সময় দিচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কাল হ্যামিল্টনের অনুশীলনে l শামসুল হক

সারগোদা, করাচির পর নিউ প্লাইমাউথ থেকেও ফিরলেন নিরাশ হয়ে। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনটি ওয়ানডে খেলে ফেললেন, অথচ কোনো উইকেট নেই! রুয়ান কালপাগের হতাশা কাটল হ্যামিল্টনের সেডন পার্কে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা নিজের চতুর্থ ওয়ানডেতে পেলেন প্রথম উইকেট। রড ল্যাথামকে বোল্ড করলেন, পরে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান আরেক ওপেনার জন রাইটকেও।
সেটি ছিল ১৯৯২–এর বেনসন অ্যান্ড হেজেস বিশ্বকাপের ম্যাচ। আরও একটি বিশ্বকাপ উপলক্ষে সেই সেডন পার্কে আবারও পা পড়ল কালপাগের। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, শ্রীলঙ্কার সাবেক এই অফ স্পিনার এখন বাংলাদেশ দলের স্পিন কোচ। নিউজিল্যান্ডের বিপক্ষে এ মাঠেই আগামীকাল ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
স্পিনারদের নিয়েই যেহেতু কাজ-কারবার, কাল অনুশীলনের আগে কালপাগে কথাও বললেন সেডন পার্কে বাংলাদেশ দলের স্পিনারদের সম্ভাবনা নিয়ে। ২৩ বছর আগের স্মৃতি মনে পড়ে গেল তখনই, ‘আমি আমার দ্বিতীয় (আসলে চতুর্থ) ওয়ানডে ম্যাচটি এখানে খেলেছি এবং ওয়ানডেতে আমার প্রথম উইকেটও এখানেই। আমি নিশ্চিত এখানে স্পিনাররা ভালো করবে।’
কালপাগের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয় সেটা কালই বোঝা যাবে। তবে উইকেটে স্পিনারদের জন্য সাহায্য থাকলেও সেটা উপমহাদেশের উইকেটের মতো অত বেশি হওয়ার কথা নয়। কালপাগে তবুও আস্থা রাখছেন ছাত্রদের ওপর, ‘এটা ঠিক যে, উপমহাদেশে উইকেট স্পিনারদের সাহায্য করে। তবে বাংলাদেশ দলে নতুন কিছু প্রতিভাবান ছেলে আছে। ওরা ভালো স্পিনার।’ তবে কালপাগেও মানেন, এবারের বিশ্বকাপের শাসনদণ্ড এখন পর্যন্ত ব্যাটসম্যানদের হাতেই। বোলাররা এখানে নির্যাতিত শ্রেণির প্রতিনিধি।

Untitled-13
Untitled-13


পাঁচ ম্যাচ খেলে নিউজিল্যান্ড দল এখনো অপরাজিত। বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালেও তারা যেতে চাইবে অপরাজিত থেকেই। কিউদের বিপক্ষে ম্যাচটাকে স্পিন কোচ তাই মনে করছেন বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ টপকাতে সবচেয়ে বড় বাধা মানছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে, ‘বোলারদের জন্য কাজটা কঠিন, তবে ওর (ম্যাককালাম) জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে। ব্রেন্ডন আর উইলিয়ামসনকে আমরা দ্রুত ফেরাতে চাই।’
বাংলাদেশের বোলারদের কাছে যদি আতঙ্কের নাম হন ম্যাককালাম, ব্যাটসম্যানদের আতঙ্ক অবশ্যই ড্যানিয়েল ভেট্টোরি। স্পিন কোচ সেটা মেনেও ব্যাপারটাকে দেখাতে চাইলেন উল্টো করে, ‘ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষেই সে (ভেট্টোরি) বেশি কার্যকর। কিন্তু আমাদের ব্যাটিংটা ডানহাতি ও বাঁহাতিদের সমন্বয়ে গড়া। কোয়ার্টার ফাইনালে যাওয়ার আগে তাই এটা তার জন্যও একটা পরীক্ষা।’ এএফপি।