স্পিনেই কাবু প্রোটিয়া যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুরূহ উইকেট আর কঠিন পরিস্থিতিতে এক পাশ আগলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জয় এনে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l বিসিবি
দুরূহ উইকেট আর কঠিন পরিস্থিতিতে এক পাশ আগলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জয় এনে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l বিসিবি

কনর ম্যাককারের বাউন্সারে দারুণ এক পুল শটে চার মেরে জয় ছুঁলেন নাজমুল হোসেন। প্রায় সঙ্গে সঙ্গেই হাঁটু মুড়ে বসে পড়লেন দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার, শুয়ে পড়লেন একজন। ঠিক যেন দুই সপ্তাহ আগের অকল্যান্ড। গ্রান্ট এলিয়টের ছক্কায় বিশ্বকাপ-স্বপ্ন খুন হওয়ার পর শুয়ে পড়েছিলেন ডেল স্টেইন, মাঠেই বসে পড়েছিলেন ডি ভিলিয়ার্স, ডু প্লেসিরা। কিন্তু কাল তো বিশ্বকাপ সেমিফাইনালও নয়, ম্যাচও টান টান উত্তেজনার নয়। তাহলে? কে জানে, হয়তো হতাশায়। হয়তো গরম আর ক্লান্তিতে!
অধিনায়কের ব্যাটে জয় এনে দেওয়া ওই বাউন্ডারির অনেক আগেই আসলে ম্যাচ শেষ। সত্যি বলতে, ম্যাচ শেষ প্রথম ইনিংস শেষেই। এই সিরিজের আবহসংগীতই স্পিন বোলিং। প্রস্তুতি ম্যাচে স্পিনে ধরাশায়ী হয়েছে প্রোটিয়া যুবারা। কাল মূল সিরিজের প্রথম ম্যাচেও থাকল স্পিন প্রদর্শনী। মিরপুর শেরেবাংলায় মন্থর ও নিচু উইকেটে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৬০ রানেই বেঁধে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। রান তাড়ায় লড়াই করতে হয়েছে বাংলাদেশকেও। তবে শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুলের দৃঢ়তায় বিশ্ব চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
স্পিনে প্রোটিয়াদের কাবু করে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও পরে দিতে হয়েছে স্পিন-পরীক্ষা। পিনাক ঘোষ ও সাইফ হোসেন সতর্ক উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলেছিলেন প্রায় ১৭ ওভার খেলে। বাঁহাতি স্পিনার শন হোয়াইটহেড বোলিংয়ে এসে টপাটপ তুলে নেন ৪ উইকেট। দারুণ খেলতে থাকা পিনাক আউট হয়েছেন সুইপ খেলতে গিয়ে, ৩৯ রানের ইনিংসের পথে এই বাঁহাতি খেলেছেন চমৎকার কিছু পুল ও কাট। ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে দল তখন শঙ্কায়। তবে দুরূহ উইকেটে ৬৯ বলে ৩৯ রানের পরিণত ইনিংস খেলে দলের জয় নিয়ে ফেরেন নাজমুল। অধিনায়ককে দারুণ সঙ্গ দেন মোসাব্বেক হোসেন (২৭)।
বাংলাদেশের বোলারদের সবাই কাল ছিলেন উজ্জ্বল। উইকেটও নিয়েছেন ভাগাভাগি করে। প্রস্তুতি ম্যাচে ৬ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ ১০ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৩ রান বেশি দিয়ে ২ উইকেট অফস্পিনার সঞ্জিত সাহার। বাঁহাতি স্পিনে নিহাদুজ্জামান ও অফ স্পিনে মোসাব্বেক নিয়েছেন একটি করে উইকেট। ১০৯ রানে ৭ উইকেট হারানো দলকে ১৬০ পর্যন্ত নিয়ে যান সাতে নামা ডায়ান গালিয়েম (৩৮*)। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা অবশ্য বিজিত দলের শন হোয়াইটহেড।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৬০/৮ (গালিয়েম ৩৮*, ডি জর্জি ৩৫, রিকলটন ১৭, মাল্ডার ১৫; সালেহ ২/২২, সঞ্জিত ২/২৫, মোসাব্বেক ১/২২, হালিম ১/২২, সাইফুদ্দিন ১/২৭ নিহাদ ১/৩২)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৪ ওভারে ১৬১/৫ (পিনাক ৩৯, নাজমুল ৩৯*, মোসাব্বেক ২৭, সাইফ ১৮, জাকির ৯, নিহাদ ৭*, শফিউল ৪, হোয়াইটহেড ৪/২৬, গালিয়েম ১/১৮)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শন হোয়াইটহেড।