স্পিনেই ঘায়েল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচসেরা দিলরুয়ান পেরেরা
ম্যাচসেরা দিলরুয়ান পেরেরা

৩৩ বছর ধরে একটা টেস্ট জয়ের সুখস্মৃতিই সঙ্গী ছিল। নিজেদের টেস্ট ইতিহাসে এই সিরিজের আগে সেই ১৯৯৯ সালে একবারই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল শ্রীলঙ্কা। আর গত এক সপ্তাহে দুবার পাওয়া হলো সেই স্বাদ! পাল্লেকেলের পর গলেও হারল অস্ট্রেলিয়া, এবার আরও বড় ব্যবধান ২২৯ রানে। তিন টেস্টের সিরিজ ২-০ করে শ্রীলঙ্কা এর মধ্যে নিশ্চিত করে ফেলেছে সিরিজও।
চতুর্থ ইনিংসে ৪১৩ রানের লক্ষ্য, জয়ের জন্য এভারেস্টই টপকাতে হতো অস্ট্রেলিয়াকে। কাল সকালে আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিল তারা। প্রথম উইকেটটি হারানোর পর অবশ্য তারা ঝরাপাতা। আরও একবার স্পিনবিষেই নাকাল। এবার রঙ্গনা হেরাথ নন, মূল হন্তারক দিলরুয়ান পেরেরা। পরশু ২ উইকেট নেওয়ার পর এই অফ স্পিনার কাল নিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিংসেও ৪ উইকেট পেয়েছিলেন, ক্যারিয়ারে প্রথমবারের মতো এক টেস্টে ১০ উইকেট। দলের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে করেছেন মহামূল্যবান ৬৪ রান। শ্রীলঙ্কার আর কোনো ক্রিকেটারেরই একই টেস্টে ১০ উইকেট ও ফিফটির কীর্তি নেই।
৩ উইকেটে ২৫ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও স্মিথ ৫ ওভারেই তুলে ফেলেছিলেন ৩৫ রান। ওয়ার্নারকে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন পেরেরাই। স্মিথও বেশিক্ষণ টেকেননি, ২৫ রানেই আউট। অ্যাডাম ভোজেস (২৮), মিচেল মার্শরাও (১৮) আউট হয়ে গেছেন দ্রুত। ৩১ বলে ২৬ রান তুলে হেরাথের বলে বোল্ড স্টার্ক। পরে হ্যাজলউডকে আউট করে ম্যাচে নিজের দশম উইকেট পেয়েছেন পেরেরা। নেভিলের রানআউটে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার। উপমহাদেশে এ নিয়ে টানা আট টেস্ট হারল অস্ট্রেলিয়া। উপমহাদেশে এই দুর্দশা ঘোচানোর উপায় খুঁজছেন এখন স্মিথ, ‘সম্ভবত উপমহাদেশে আমরা সর্বশেষ ১৫-১৬ ম্যাচ জিতিনি। আমাদের অবশ্যই একটা উপায় খুঁজে বের করতে হবে।’ শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ভেসে যাচ্ছেন আনন্দে, ‘বিশ্বের এক নম্বর দলকে এভাবে হারানো দারুণ তৃপ্তির।’
১৩ আগস্ট কলম্বোতে শুরু হবে শেষ টেস্ট। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১ম ইনিংস ২৮১ (মেন্ডিস ৮৬, ম্যাথুস ৫৪; স্টার্ক ৪৪/৫) ও ২য় ইনিংস ২৩৭ (পেরেরা ৬৪, ম্যাথুস ৪৭; স্টার্ক ৬/৫০)।
অস্ট্রেলিয়া: ১ম ইনিংস ১০৬ (ওয়ার্নার ৪২; পেরেরা ৪/২৯, হেরাথ ৪/৩৫) ও ২য় ইনিংস ১৮৩ (ওয়ার্নার ৪১, স্মিথ ৩০; পেরেরা ৬/৭০, হেরাথ ২/৭৪)। ফল: শ্রীলঙ্কা ২২৯ রানে জয়ী।