স্পিনেই নাকাল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর করুণারত্নে l এএফপি
সেঞ্চুরির পর করুণারত্নে l এএফপি

জয়াবর্ধনে-সাঙ্গাকারাকে ছাড়া স্মরণকালের মধ্যে প্রথম টেস্ট। নতুন যুগের সূচনাটা ভালো হলো না শ্রীলঙ্কার। সেঞ্চুরি করেছেন দিমুথ করুণারত্নে। কিন্তু পাল্লেকেলে টেস্টের প্রথম দিনের নায়ক ৪ উইকেট নেওয়া ইয়াসির শাহ। পাকিস্তানি লেগ স্পিনারের কবজির কারিকুরিতেই যে পথ হারিয়ে প্রথম দিনটাকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে লঙ্কানরা। ১ উইকেটে ১০৬—এই জায়গা থেকে হুড়মুড় করে ভেঙে পড়া শ্রীলঙ্কার রান দিন শেষে ৮ উইকেটে ২৭২।
সিরিজ নির্ধারণী ম্যাচে ইয়াসির শাহকে দারুণ সংগত করেছেন অনিয়মিত লেগ স্পিনার আজহার আলীও। এর আগে ৪৩ টেস্টে মাত্র ২ উইকেট নেওয়া আজহারের উইকেট সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে পরপর দুই বলেই। ইনিংসের ৭৮তম ওভারের পঞ্চম বলে দারুণ এক গুগলিতে সেঞ্চুরিয়ান করুণারত্নেকে স্টাম্পড। পরের বলটা যতটা সম্ভব বাজেই করলেন আজহার, কিন্তু ফল হলো একই, লং হপকে শায়েস্তা করার লোভ সামলাতে না পেরে স্কয়ার লেগে ক্যাচ তুলে দিলেন ধাম্মিকা প্রসাদ। ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান তখন ২৪৮। পরে দীনেশ চান্ডিমালকে এলবিডব্লু করেছেন রাহাত আলী। শ্রীলঙ্কার প্রথম উইকেটটিও এই পেসারের। মাঝের চারটি উইকেটই উঠেছে প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নেওয়া ইয়াসিরের হাতে।
টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ১৫ রানে। এরপর সাঙ্গাকারার জায়গায় একাদশে ঢোকা উপুল থারাঙ্গাকে নিয়ে ৯১ রানের জুটি করুণারত্নের। থারাঙ্গাকে (৪৬) স্লিপে ইউনিস খানের ক্যাচ বানানোর পর ইয়াসির পরপর দুই ওভারে ফিরিয়েছেন লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে। বাজে শট খেলে মিড অফ ও মিড অনে বদলি ফিল্ডার বাবর আজমের ক্যাচ হয়েছেন এই দুজন। সাত বছর পর টেস্ট দলে ফেরা জেহান মুবারক চতুর্থ শিকার ইয়াসিরের। শ্রীলঙ্কা ম্যাচটা খেলতে নেমেছে রঙ্গনা হেরাথকে ছাড়াই। বাঁহাতি স্পিনার গত পাঁচ বছরে এই প্রথম দল থেকে বাদ পড়লেন।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া করুণারত্নে দিনের খেলা শেষে স্মরণ করলেন সাঙ্গাকারাকেই, ‘আমরা কত বছর ধরে সাঙ্গার ওপর নির্ভরশীল ছিলাম। সে ব্যাট করলে রান আসতই। আমরা আজ তার অভাব টের পেয়েছি।’ ক্রিকইনফো।