স্পিনের মায়াজালে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পাশে আরাফাত সানি, অন্য পাশে নাসির হোসেন। কাল প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে বাঁধতে শুরুতেই দুই প্রান্তে স্পিনার নিয়ে এলেন মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টিতে দুই প্রান্তেই স্পিন দিয়ে আক্রমণ শুরু অবশ্য এবারই প্রথম করল না বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষেও দুই স্পিনার দিয়ে শুরু করে বাংলাদেশ। গতকালের ম্যাচের মতো ওই দুই ম্যাচেও বাংলাদেশের তৃতীয় বোলারও ছিলেন স্পিনার।
তবে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে যা করেছে, তার তুলনায় এসব কিছুই নয়। পোর্ট অব স্পেনে একমাত্র টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে অলআউট হয়েছিল মাত্র ১০৫ রানে। মামুলি এই স্কোর নিয়ে লড়তে জিম্বাবুইয়ানরা হাঁটে ব্যতিক্রমী পথে। অধিনায়ক প্রসপার উতসেয়া বোলিং শুরু করার পর একে একে আক্রমণে নিয়ে আসেন রেমন্ড প্রাইস, গ্রায়েম ক্রেমার, গ্রেগ ল্যাম্ব, স্টুয়ার্ট মাতসিকেনেরি ও ব্রেন্ডন টেলরকে। এই ছয় স্পিনার মিলে ১৮ ওভারে মাত্র ৬৬ রান দিয়ে নিয়েছিলেন ৭ উইকেট। ঘূর্ণি বলে হাবুডুবু খেয়ে অলআউট না হয়েও ৭৯ রানেই আটকে গিয়ে ২৬ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ছয় বোলারই স্পিনার—টি-টোয়েন্টি ক্রিকেট ওই একবারই দেখেছে এই ঘটনা।