স্পিন-বিষে নীল প্রোটিয়ারাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আভাস মিলেছিল প্রথম দিনেই। মোহালি টেস্টের দ্বিতীয় দিনে সেটিই সত্যি, ভারতের স্পিনারদের ছোবলে একের পর এক নীল হয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। আর তাতেই প্রথম ইনিংসে ১৭ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে ১৪২ রানে, হাতে উইকেট ৮টি। ম্যাচটা আজ প্রোটিয়াদের ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যেতে চাইবেন কোহলিরা।
নিজেদের মাঠে রবিচন্দ্রন অশ্বিন আরও একবার মূর্তিমান আতঙ্ক হয়ে উঠলেন। আগের দিন ফিরিয়ে দিয়েছিলেন ফন জিলকে, কাল ১৩তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ১৫০ উইকেটের মাইলফলকও পেরিয়ে গেছেন। তবে ভারতের অফ স্পিনার উইকেটে ভয়ংকর কোনো জুজু আছে, ‘৫ উইকেট পাওয়ার জন্য এখানে অনেক খাটতে হয়েছে। সত্যি কথা বললে, ব্যাটিংয়ের জন্যই উইকেটটা এমন মনে হয়েছে।’
দক্ষিণ আফ্রিকার শুধু হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সই যা একটু প্রতিরোধ গড়তে পেরেছেন। ৪৩ রানে আমলাকে ফিরিয়েছেন অশ্বিন, নবম ব্যাটসম্যান হিসেবে ডি ভিলিয়ার্সকে বোল্ড করেছেন অমিত মিশ্র। ডি ভিলিয়ার্স অবশ্য ৭ রানেই ফিরে যেতে পারতেন। জাদেজার বলে ক্যাচ দিয়েছিলেন, তবে তৃতীয় আম্পায়ার দীর্ঘ অপেক্ষার পর নো-বলের সিদ্ধান্ত দিয়ে ওই যাত্রা তাঁকে পার করে দিয়েছেন।
৬৩ রানে ফিরতে হওয়ায় ডি ভিলিয়ার্সের একটু আক্ষেপ থাকতে পারে। তবে একপাশ থেকে সতীর্থদের আসা-যাওয়াই দেখতে হয়েছে সময়ের সেরা ব্যাটসম্যানকে। আমলা-এলগারের সঙ্গে ডি ভিলিয়ার্স ছাড়া আর কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি। সব কটি উইকেটই যে ভারতের স্পিনাররা ভাগাভাগি করে নিলেন, তাতেও খুব একটা বিস্ময়ের কিছু নেই।
কিন্তু ভারতের ব্যাটিংয়ের সময়ই স্পিনের মায়াজাল উধাও। কুঁচকিতে চোট পেয়ে ডেল স্টেইন বল করতে পারেননি, এই টেস্টে সম্ভবত আর পারবেন না। সেটি তো দক্ষিণ আফ্রিকাকে বড় ধাক্কা দিয়েছেই। ফিল্যান্ডার অবশ্য আরেকবার শিখর ধাওয়ানকে শূন্য রানে ফিরিয়ে দিয়েছেন। এই মোহালিতেই অভিষেকে ১৮৭ করেছিলেন, কাল সেখানেই পেলেন জোড়াশূন্য। ক্রিকেট এভাবেই যেন চক্র পূরণ করে। ধাওয়ানের বিদায়ের পর হাল ধরেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। বাভুমার দুর্দান্ত ক্যাচে বিজয় ৪৭ রানে ফিরলেও পূজারা অপরাজিতই থেকে গেছেন। কোহলিকে নিয়ে দলকে আজ অনেক দূর পৌঁছে দিতে চাইবেন। এএফপি, ক্রিকইনফো।