স্ফুরণের উদ্যোগে মানিক স্মৃতি ক্রিকেট
‘বিকশিত তাই হোক, যা কিছু সুন্দর’—সমাজ উন্নয়নে বিভিন্ন অবদান রাখা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্ফুরণ’ এবার নিজেদের এই স্লোগান ছড়িয়ে দিচ্ছে ক্রিকেটেও।
স্ফুরণের উদ্যোগ আর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সহযোগিতায় গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন মাঠে শুরু হচ্ছে সাইফউদ্দিন আহমেদ মানিক স্মৃতি স্ফুরণ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭। আজ টুর্নামেন্টের উদ্বোধন হয়ে খেলা শুরু হবে ১ এপ্রিল শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংবিধান-বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বিশেষ অতিথি থাকবেন স্থপতি মোবাশ্বের হোসেন।
এই টুর্নামেন্টে ঢাকার ১৬টি ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৬ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ফাইনাল হবে ১৫ এপ্রিল। ব্রাদার্স ইউনিয়ন ছাড়াও স্ফুরণকে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো এবং জাগো রেডিও।
ব্রাদার্সের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত ক্রীড়াসংগঠক ও রাজনীতিবিদ সাইফউদ্দিন আহমেদ মানিক ছিলেন স্ফুরণের প্রধান পৃষ্ঠপোষক। ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মিজান উদ্দিন আহমেদ জানান, ‘সাইফউদ্দিন আহমেদ মানিক স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারগুলো দেওয়া হবে ব্রাদার্সের প্রয়াত খেলোয়াড় ও কর্মকর্তা এবং ক্লাব-সংশ্লিষ্ট শহীদদের নামে।’