স্বচ্ছন্দে নেই নাঈমুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈমুর রহমান
নাঈমুর রহমান

ক্রিকেট পরিচালনায় আরও গতি আনতে আকরাম খানকে সরিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান করা হয়েছিল প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানকে। এই বিভাগের প্রধান হিসেবে জাতীয় দল ও ‘এ’ দল-সংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ড ও সিদ্ধান্তে তাঁর মতামতের গুরুত্বই থাকার কথা সবচেয়ে বেশি। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় প্রকাশ পাচ্ছে উল্টো চিত্র। কখনো নাঈমুরের মতামতকে অগ্রাহ্য করে, কখনোবা তাঁকে না জানিয়েই নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। সেসব নিচ্ছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান।
ক্রিকেট পরিচালনা প্রধান বেশ কিছুদিন ধরেই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ। বিসিবি কার্যালয়ে নিজের রুমে বসে কাল সে ক্ষোভের কথা বললেন, ‘একটু অস্বচ্ছন্দ বোধ করছি। সোজাসুজি বললে, আমার সুপারিশ করা কিছু যদি আপনি গ্রহণ না করেন বা পরিবর্তন করেন, সেটা আমাকে বললে আমিই পরিবর্তন করে দিতে পারি। এ নিয়ে আলাপটা অন্তত আমার সঙ্গেই হওয়া উচিত।’
চলতি ভারত সফরে ‘এ’ দলের কোচ হয়ে যাবেন সরওয়ার ইমরান, এমনটাই সুপারিশ ছিল ক্রিকেট পরিচালনা প্রধানের। কিন্তু কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছায় শেষ পর্যন্ত কোচ হয়ে গেছেন জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে নাঈমুরের সঙ্গে নাকি কোনো ধরনের আলোচনাই করেননি বোর্ড সভাপতি।
বিতর্ক আছে ‘এ’ দলের ম্যানেজার হিসেবে প্রধান নির্বাচক ফারুক আহমেদের যাওয়া নিয়েও। এই সিদ্ধান্তও হয়েছে নাঈমুরের অজান্তে। প্রথমে ফারুকই ম্যানেজার হিসেবে নির্বাচক হাবিবুল বাশারের নাম প্রস্তাব করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছ থেকে সিদ্ধান্ত জেনে হাবিবুল প্রস্তুতি নিচ্ছিলেন ভারতে যাওয়ার। হয়ে গিয়েছিল ভিসাও। কিন্তু শেষ পর্যন্ত গেলেন ফারুক নিজে! নাঈমুরের ভাষায়, ‘আমি প্রধান নির্বাচকের কাছ থেকে সুপারিশ চেয়েছিলাম। বলেছিলাম, আপনি নাম দেন, যাঁকে ম্যানেজার কাম নির্বাচক হিসেবে পাঠাতে চান। তিনিই নাম পাঠিয়েছেন। পরে দেখা গেল যিনি সুপারিশ করেছেন, তিনিই যাচ্ছেন।’
এ ছাড়া মুমিনুল হককে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া, খালেদ মাহমুদকে লম্বা সময়ের জন্য জাতীয় দলের ম্যানেজার করা, দেশে জাতীয় লিগ ও ভারতে ‘এ’ দলের সফর চলাকালীন হাথুরুসিংহকে ১০ দিনের ছুটি দেওয়াসহ ক্রিকেট পরিচালনা বিভাগের অনেক সিদ্ধান্তই হয়েছে বিভাগীয় প্রধান নাঈমুরের সঙ্গে আলোচনা না করে।
অভিযোগগুলো নিয়ে নাঈমুরের বক্তব্য খুব স্পষ্ট, ‘আমার সুপারিশ গৃহীত না-ও হতে পারে। আমি তো কেবল সুপারিশ করি, অনুমোদন দিই না। অনুমোদন দেওয়ার ক্ষমতা একমাত্র সভাপতির। তিনি এটা করতেই পারেন। সভাপতি যদি মনে করেন আমি যেটা সুপারিশ করেছি, তার চেয়ে ভালো কিছু হতে পারে, তাহলে তিনি সেটাই করবেন। কিন্তু আমার ইস্যুগুলো আমার সঙ্গে আলাপ করে করলে আমি স্বচ্ছন্দ বোধ করব।’
বোর্ড সভাপতির সঙ্গে ক্রিকেট পরিচালনা প্রধানের দূরত্ব তৈরিতে তৃতীয় পক্ষের ভূমিকা দেখছেন অনেকে। বিসিবির বাইরের শক্তিও এখানে কাজ করে থাকতে পারে বলে গুঞ্জন আছে। এ ব্যাপারে নাঈমুরের বক্তব্য, ‘যতক্ষণ না বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি, স্বচ্ছ ধারণা পাব না। তাঁর সঙ্গে কথা না বলে এটা নিয়ে কিছু বলাও ঠিক হবে না। কথা বললেই বুঝতে পারব আসল ঘটনাটা কী।’ আর ‘দূরত্ব’ নয়, বোর্ড সভাপতির সঙ্গে সাম্প্রতিক সম্পর্ককে নাঈমুর ব্যাখ্যা করছেন অন্যভাবে, ‘দূরত্ব নয়, আসলে কাজের ক্ষেত্রে নীতিগত কিছু সমস্যা তৈরি হয়েছে।’
দেশের বাইরে থাকায় নাঈমুরের অভিযোগ নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলা যায়নি। আজ তাঁর দেশে ফেরার কথা। নাঈমুর নিজেও আছেন সেই অপেক্ষায়, ‘তিনি দেশের বাইরে। তিনি ফিরলে আমি অবশ্যই তাঁর সঙ্গে কথা বলব।’