স্বপ্ন দেখাতে পারেন পেসাররাও
পাঁজরের চোট মুস্তাফিজুর রহমানকে ছিটকে দিয়েছে বাইরে। রুবেল হোসেন তো অনেক দিন থেকেই দর্শক! শফিউল ইসলাম আর আবুল হাসানও নেই এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। তারপরও পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশ স্কোয়াডে চার পেসার! আলোচনা হয়, এই ম্যাচেও কি চারজনকেই খেলাবেন চন্ডিকা হাথুরুসিংহে?
কদিন আগেও বাংলাদেশের বোলিং মানেই ছিল স্পিন। আরও নির্দিষ্ট করে বললে বাঁহাতি স্পিন। দলে পেস বোলারদের উপস্থিতি যেন বোলিংয়ে কিছুটা বৈচিত্র্য আনার জন্যই। তারা কিছু করে দিতে পারলে সেটা বোনাস। আসল কাজের জন্য স্পিনাররাই ভরসা। সেই দিন কী করে পাল্টে গেল!
এবারের এশিয়া কাপ বাংলাদেশ দলের পেসারদের দিয়েছে নতুন পরিচয়। তাঁরাও এখন ম্যাচ উইনার, তাঁরাও পারেন ম্যাচে ‘টার্নিং পয়েন্ট’ এনে দিতে। তাসকিন আহমেদের কালকের বোলিংটাই দেখুন না। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম মেডেন ওভার নিলেন। ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট, ২০ ওভারের ক্রিকেটে নিজের সেরা বোলিংটাই কাল বেরিয়ে এল এই পেসারের হাত থেকে।
আরেক পেসার আল আমিন হোসেন তো শুধু বিস্ময়ই উপহার দিয়ে চলেছেন! ভারত-শ্রীলঙ্কার পর কাল পাকিস্তানের বিপক্ষেও ৩ উইকেট। ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এ নিয়ে পঞ্চমবারের মতো ৩ উইকেট নিলেন আল আমিন। বাংলাদেশের বোলারদের মধ্যে এই কৃতিত্ব এর আগে ছিল শুধু সাকিব আল হাসানের।
আরব আমিরাতের বিপক্ষে নেওয়া একটিসহ টুর্নামেন্টে আল আমিনের উইকেটসংখ্যা ১০। বাছাইপর্বের খেলাগুলো ধরলে আমিরাতের আমজাদ জাভেদের উইকেট ১২টি ও মোহাম্মদ নাভিদের ১১টি। কিন্তু শুধু চূড়ান্ত পর্ব ধরলে আল আমিনের ১০ উইকেটই এখন পর্যন্ত সর্বোচ্চ।
একটা সময় ছিল যখন দুই পেসারের বেশি খেলানোর চিন্তাই করতে পারত না বাংলাদেশ দল। মাশরাফি বিন মুর্তজা নতুন করে নেতৃত্বে আসার পর একাদশে কমপক্ষে তিন পেসারের ‘স্লোগান’ তুললেন এবং সফলও হতে লাগলেন। গত বছর ভারতের বিপক্ষে সিরিজে চার পেসার খেলানোর পর থেকে এটাই যেন নিয়ম হয়ে গেল। শুধু তা-ই নয়, ঘরের মাঠের খেলায় আগে যেখানে শুধু স্পিনারদের কথা মাথায় রেখেই উইকেট বানানো হতো; এখন ভাবা হচ্ছে পেসারদের কথাও।
এবার এশিয়া কাপের প্রথম ম্যাচে তো সবুজ উইকেটই দেখল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সাম্প্রতিক সময়ে ঘাসের উইকেটে ভালো করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। সেই চিন্তা থেকে অনুশীলনের উইকেটে ঘাস রেখেছিলেন হাথুরুসিংহে, পরে ভারত ম্যাচের উইকেটও হলো সবুজ। আল আমিনের নিজেকে ফিরে পাওয়ার শুরু ওই ম্যাচ থেকেই।
মুস্তাফিজ নেই বলে পাকিস্তানের বিপক্ষে কিছুটা হলেও দুশ্চিন্তা ছিল। কারণ অভিষেকের পর থেকে এই তরুণ বাঁহাতিই বাংলাদেশের বোলিংয়ের প্রাণভোমরা। কাজেই মুস্তাফিজ নেই মানে বাংলাদেশের বোলিংও নখদন্তহীন। কিন্তু চিন্তাটা যে খুবই ভুল ছিল, সেটা কাল আল আমিন-তাসকিনরাই দেখিয়ে দিলেন। বাংলাদেশকে এখন ম্যাচ জেতানোর স্বপ্ন দেখাতে পারেন পেসাররাও।