স্বপ্নাতুর 'কিলার' মিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড মিলার
ডেভিড মিলার

পরামর্শক গ্যারি কারস্টেনের সঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চুক্তি বছরে ৫০ দিনের। বিশ্বকাপের মাঝপথে তাই চলে গিয়েছিলেন সাবেক কোচ। দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনাল জেতার পর আবার যোগ দিয়েছেন দলের সঙ্গে। ব্যাটিং পরামর্শক মাইক হাসির দায়িত্বও শেষ হয়েছিল, সেমিফাইনালের আগে তবু তাঁকে আনা হয়েছে আবার। দলকে উদ্বুদ্ধ করতে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে এসেছিলেন মাইক হর্ন। বিশ্বখ্যাত এই অভিযাত্রীকেও রেখে দেওয়া হয়েছে দলের সঙ্গে। কাল অকল্যান্ডে দলের অনুশীলনে দেখা গেল মার্ক ও’ডোনেলকে! নিউজিল্যান্ডের সাবেক সহকারী কোচ কাজ করেছেন দক্ষিণ আফ্রিকায় ইস্টার্ন প্রভিন্স ও গওটেং দলেও। এখন আছেন অকল্যান্ড ক্রিকেটে। ও’ডোনেলের কাছ থেকে নিউজিল্যান্ড-বধের টোটকা খুঁজছে দক্ষিণ আফ্রিকা।
এত আয়োজন, এত উদ্যোগ, এত বড় সাহায্যকারী দল, সবকিছুই আপাতত একটি ম্যাচকে ঘিরে। দক্ষিণ আফ্রিকা আর ইতিহাসের মাঝে দাঁড়িয়ে যে ম্যাচ! কোয়ার্টার ফাইনাল জিতেই ইতিহাসের একটি বাধার দেয়াল পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে আরও উঁচু দেয়াল সামনে। তিনবার সেমিফাইনাল খেলেও ফাইনালের চেহারা দেখা হয়নি দক্ষিণ আফ্রিকার। এবার হবে নতুন রোমাঞ্চ? কাল সকালে চার ঘণ্টার কঠিন খাটুনি শেষে দলের হয়ে সেই রোমাঞ্চের কথা বলতে এলেন ডেভিড মিলার, ‘আর ৮ দিনের মধ্যে আমরা হতে পারি বিশ্ব চ্যাম্পিয়ন!’
৮ দিন দূরত্বের এই মাইলফলক টুনার্মেন্ট শুরুর সময় ছিল ৮ সপ্তাহের দূরত্বে। এখন সেটি শুধু কাছেই নয়, মাত্র ২ ম্যাচের দূরত্বে। আগে তিনবার সেমিফাইনাল খেললেও কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা এই প্রথম। প্রোটিয়াদের রোমাঞ্চটাও যেন এবার তাই বেশি। মিলারের কণ্ঠে বারবারই ধরা পড়ছিল সেই রোমাঞ্চ, ‘এটি আমার প্রথম বিশ্বকাপ, সেখানে শিরোপার এত কাছাকাছি আসা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার কাছে এ মুহূর্তে এটিই সবকিছু। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারা অপার্থিব এক অনুভূতি। সত্যি বলতে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বেশ চড়াই-উতরাই পেরিয়ে আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে...ছেলেরা সবাই অনেক পরিশ্রম করেছে। এ মুহূর্তটির স্বপ্ন দেখে এসেছে অনেকেই। এখন আমাদের সুযোগ আরও বড় কিছু করার, ফাইনালের মঞ্চে পা রাখার।’
সেমিফাইনাল খেলতে পেরে এত রোমাঞ্চিত, ফাইনালে উঠলে বা শিরোপা জিতলে সেই রোমাঞ্চটা কেমন হবে! মিলার নিজেও সেটি জানেন। জানেন বলেই ভেসে যাচ্ছেন না রোমাঞ্চে। মাঠে দমিয়ে রাখতে চান আবেগকে, ‘এখন তো পেছন ফিরে তাকানোর সুযোগ নেই। একটিই ম্যাচ...চাপও থাকবে প্রচণ্ড। কথাটি তাই ক্লিশে শোনালেও বলতে হবে যে, আর ১০টি ম্যাচের মতোই দেখতে হবে এই ম্যাচকে। আবেগটাকে দূরে রেখে নিজেদের কাজ করতে হবে ঠিকঠাক।’ এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।