স্বপ্নে রঙিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ১৩৬ ওভারে ৫৪২/৭
ক্রিকেট নিয়ে ভাবাভাবিই আসলে ঠিক নয়। ভাববেন এক, হবে আরেক। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কত আশা ছিল! তার সিকিভাগও কি ছিল টেস্ট নিয়ে? আর এখন কিনা টেস্টের সাফল্যেই ব্যান্ড পার্টি ভাড়া করার মতো অবস্থা! এই খেলার ভবিষ্যৎ অনুমান চিন্তাশক্তির অপচয় ছাড়া আর কিছুই নয়।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারতে হারতে যখন নিউজিল্যান্ডে আসা খেলোয়াড়-সাংবাদিকদের পালাই পালাই অবস্থা, তখনই ওয়েলিংটনের আকাশে সোনালি রোদ। বাংলাদেশের ক্রিকেটে এল স্বপ্নের মতো এক দিন। প্রথম টেস্টের দুই দিন শেষে বাংলাদেশ কিনা ৫৪২ রান করেও অলআউট নয়! উইকেটে এখনো আছেন স্বীকৃত ব্যাটসম্যান সাব্বির রহমান। প্রথম ইনিংসে ৬০০ রানের কল্পনাও তাই অলীক মনে হচ্ছে না।

দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন সাকিব, পাশে মুশফিক। সাকিবের ডাবল সেঞ্চুরির কিছুক্ষণ আগে তিনিও পেরিয়েছেন দেড় শ। এই দুজনের ব্যাটে কাল বেসিন রিজার্ভে পিষ্ট হয়েছে নিউজিল্যান্ড l ক্রিকইনফো
দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন সাকিব, পাশে মুশফিক। সাকিবের ডাবল সেঞ্চুরির কিছুক্ষণ আগে তিনিও পেরিয়েছেন দেড় শ। এই দুজনের ব্যাটে কাল বেসিন রিজার্ভে পিষ্ট হয়েছে নিউজিল্যান্ড l ক্রিকইনফো

আর ৬০০ না হলেই বা কী? এই টেস্টের ফলাফলেই বা কী আসে যায়! প্রথম দুই দিনেই যা হয়েছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ১৬ বছর পার করে দিয়েও কি তা দেখেছে! সাকিব আল হাসানের ২১৭, চোট থেকে ফিরেই মুশফিকুর রহিমের ১৫৯—শুধু এই দুটি হলেও বাংলাদেশের মানুষ এবারের ওয়েলিংটন টেস্টকে বহুদিন মনে রাখত। ভবিষ্যতে কোনো উপলক্ষে ‘রেফারেন্স’ হিসেবে আসত এই টেস্টের কথা। কিন্তু এখন ব্যাপারটা শুধু সাকিব-মুশফিকের ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নেই। তাঁদের অর্জনের যোগফল বাংলাদেশের টেস্ট ভাবমূর্তিতেও আনবে পরিবর্তন। দুজনের ৩৫৯ রানের জুটি তো টেস্ট ক্রিকেটের ইতিহাসে ছোটখাটো একটা ভূকম্পনই ঘটিয়েছে। পঞ্চম উইকেটে এটাই এখন চতুর্থ সর্বোচ্চ রানের জুটি। সাকিব-মুশফিকের ওপরে থাকা তিন সর্বোচ্চের গৌরব কাদের জানেন? নিচ থেকে ওপরের দিকে যেতে থাকলে নামগুলো এ রকম—ভারতের ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও গ্রেগ ব্লিউয়েট এবং অস্ট্রেলিয়ারই সিডনি বার্নস ও স্যার ডন ব্রাডম্যান।

.
.

ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিনেই এসেছে ছোট-বড় অনেক অর্জন। সবার ওপরে ওটারই থাকার কথা। এর বাইরে বাংলাদেশের হয়ে যেকোনো উইকেটে সবচেয়ে বড় জুটিও এখন এই ৩৫৯। পেছনে পড়ে গেছে তামিম ইকবাল-ইমরুল কায়েসের ৩১২। কাল পর্যন্ত করা ৫৪২ রান দেশের বাইরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ। চাইলে সাকিবের প্রথম ডাবল সেঞ্চুরি, মুশফিকের দেড় শ আর রেকর্ড ‘৩৫৯’ সংখ্যাটিকে ভেঙে আরও অনেক কিছুই বের করা যায়। কালই টেস্টের তিন হাজারি ক্লাবে ঢোকা সাকিবের এখন বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার রেকর্ড (৩১টি), ৩৫৯ নিউজিল্যান্ডের বিপক্ষেও যেকোনো প্রতিপক্ষ বিবেচনায় পঞ্চম উইকেট জুটির সর্বোচ্চ। বাংলাদেশ দল যে ৫৪২ করল, সেটার মধ্যেও চমক আছে। এবার এক ইনিংসেই এত রান, অথচ বেসিন রিজার্ভে এর আগে খেলা চার ইনিংস মিলিয়েই বাংলাদেশের করেছিল ৫২৩। এ রকম আরও কত কী!
এখানে আসার আগে নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটকে মনে করা হচ্ছিল কঠিনতম খেলা। আর এখন উল্টো ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়াগনাররাই বোলিং করতে করতে ক্লান্ত। তিনজনের প্রত্যেকেই রান দিয়েছেন এক শর ওপরে। অথচ অধিনায়ক কেন উইলিয়ামসন পেসারদের ওপর এতই আস্থাশীল ছিলেন যে, ৬৮ ওভার পর্যন্ত স্পিনারই আনেননি। পরেও যা আনলেন, দুই দিনে সবাই মিলে করা ১৩৬ ওভারের মধ্যে মিচেল স্যান্টনারকে দিয়ে করিয়েছেন ১৫ ওভার আর নিজে করলেন মাত্রই ৩ ওভার।
সাকিব-মুশফিকের শিল্পিত সাহসী ব্যাটিংয়ের সামনে কিউইদের সব চিন্তাই মার খেয়ে গেছে। দিনের শুরুতে আগের দিনের ৬৪ রান নিয়ে ফিরে যান মুমিনুল। উইকেটের সঙ্গে মিতালি গড়ে সাকিব-মুশফিকের ইতিহাস গড়ার শুরু এরপর থেকেই। উইকেট প্রথম দিনের তুলনায় কিছুটা ব্যাটিংবান্ধব ছিল। তবে এমন নয় যে বোলারদের জন্য কিছুই ছিল না। চেনা উইকেটে সব রকম কৌশলেই আঘাত হানার চেষ্টা করেছেন বোল্ট-সাউদিরা। শর্ট বল আর বাউন্সারই ছিল মূল অস্ত্র। কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। সাকিব-মুশফিক বল ছাড়তে যেমন জানেন, বাজে বলে জানেন মারতেও। লাঞ্চ থেকে চা-বিরতি, এই এক সেশনেই কোনো উইকেট না হারিয়ে ১২২, শেষ সেশনে ১৯১।
পরশু ইনিংসের শুরুতেই স্যান্টনারের হাত থেকে পাওয়া জীবন, কাল ১৮৯ রানে আরও একবার রস টেলরের হাত থেকে ফিরে আসা অথবা সকাল সকাল একবার রানআউট থেকে বেঁচে যাওয়া—সাকিবের ইনিংসে এসবের উল্লেখ এখন খুবই নিষ্প্রয়োজন। এমন সুযোগ কতজনই তো পান। কজন পারেন ফিরে পাওয়া জীবনকে ডাবল সেঞ্চুরির রঙে রাঙাতে? সাকিব পারেন এবং তা ক্লান্তিহীনভাবেই। কাল তাঁর মুখেই শোনা, ‘কন্ডিশনের কারণে অত বেশি ক্লান্ত হইনি। এটাই যদি বাংলাদেশে হতো বা এশিয়ার অন্য কোনো দেশে হতো, অবস্থা শেষ। আমি এখানে ২১৭ রান পর্যন্ত একবারও গ্লাভস বদলাইনি...না কাপড়, না গ্লাভস।’
কী অদ্ভুত, নিউজিল্যান্ডে আসার আগে এই কন্ডিশনকেই না সবচেয়ে বেশি ভয় ছিল বাংলাদেশের! ক্রিকেটে আসলেই আগাম কথা বলার কোনো মানে নেই। শুধু শুধু সময় নষ্ট। কাজেই একটা ইনিংসই তৃতীয় দিন পর্যন্ত চলে আসার পরও টেস্টের ভবিষ্যৎটা ভবিষ্যতে দেখার জন্যই রেখে দিন।