স্বপ্নের ঘোরের মধ্যেও তাঁর অতৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলের শুরুর ছন্দটা ধরে রাখতে না পেরে মারুফের অতৃপ্তি। ছবি: প্রথম আলো
বিপিএলের শুরুর ছন্দটা ধরে রাখতে না পেরে মারুফের অতৃপ্তি। ছবি: প্রথম আলো

ঘরোয়া ক্রিকেটে প্রায় এক দশক কাটিয়ে দিয়েছেন মেহেদী মারুফ। দীর্ঘ ক্যারিয়ারে এত সুখবর এক সঙ্গে পাননি ২৮ বছর বয়সী ওপেনার, যা পেয়েছেন গত দুই দিনে। বিপিএলে তাঁর দল ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয়েছে, বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প ও নিউজিল্যান্ড সফরে। চারদিকে তাঁকে নিয়ে স্তুতি। অথচ এমন দিনেও মারুফের মনে বিরাট অতৃপ্তি।বিপিএলের ১৪ ম্যাচ শেষেও ব্যাটসম্যানদের সবার ওপরেই ছিলেন মারুফ। তবে শুরুটা যেভাবে হয়েছে, শেষ দিকে ছন্দটা ঠিক ধরে রাখতে পারেননি। প্রথম ৫ ম্যাচে যেখানে তাঁর রান ছিল ২০৩, পরের ৯ ম্যাচে সেটি ১৪৪। ১৪ ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে ৩৪৭ রান করে আছেন শীর্ষ ছয়ে। একটি জায়গায় অবশ্য ঢাকা ওপেনারই এগিয়ে, ২০ ছক্কা মেরে আছেন সবার ওপরে।
এই বয়সে এসে বাংলাদেশে কেউ সাধারণত আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর স্বপ্ন দেখতে পারে না। মারুফ সেটা ভালোমতোই পারছেন। তবুু তাঁর অতৃপ্তি হয়ে আছে, বিপিএলের শেষের ওই কয়েকটা ম্যাচ। নিজেকে যে আরও ওপরে দেখতে চেয়েছিলেন অতৃপ্ত মারুফ।
ঢাকা দলটা তারকা ঠাসা হলেও ভালো খেলতে মারুফের কোনো সমস্যা হয়নি। কোচ খালেদ মাহমুদের কাছ থেকে স্বাধীনভাবে খেলার লাইসেন্স পেয়েই দারুণ গতিতে এগিয়েছেন। শুরুতেই মারুফ লক্ষ্য ঠিক করেছিলেন, এবার বিপিএলে নিজেকে চেনাতে হবে আলাদাভাবে। সে লক্ষ্য তাঁর পূরণও হয়েছে। তবুও তাঁর মনে খখচখচানি, কোথায় যেন খামতি থেকে গেছে ব্যক্তিগত পারফরম্যান্সে, ‘যা কিছু ঘটে গেল গত কদিনে, খুব একটা স্বপ্নের মতো মনে হচ্ছে না। টুর্নামেন্টে যদি ৪০০ রান করতাম...পারফরম্যান্স দিয়ে সরাসরি জাতীয় দলে চলে আসতাম তাহলে আরও ভালো লাগত। শেষ দিকে কয়েকটি ম্যাচ ভালো না খেলায় দ্বিধায় ছিলাম নির্বাচকেরা আমাকে নেবেন কি নেবেন না। আসলে নিজের খেলায় সন্তুষ্ট নই। আরও ৫০-৬০ রান যদি করতাম...।’
বিপিএলের চট্টগ্রাম-পর্ব শুরুর আগে এই প্রতিবেদককে মারুফ জানিয়েছিলেন তাঁর ৪০০ রানের লক্ষ্যের কথা। সেটি কেন হলো না তার ময়নাতদন্ত করেছেন ঢাকা ওপেনার, ‘শেষ দিকে হয়তো ভাগ্যের সহায়তা পাইনি। কিছু সিদ্ধান্ত আমার বিপক্ষে গেছে। এতে ছন্দে ধাক্কা খেয়েছে। একটু চোটও পেয়েছিলাম। খুলনা টাইটানসের সঙ্গে ম্যাচে মাহমুদউল্লাহর ক্যাচ ঝাঁপিয়ে ধরতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি। চাইলে বিশ্রাম নিতে পারতাম। কিন্তু কোনো ম্যাচ হাতছাড়া করতে চাইনি। ব্যথা নিয়েই খেলেছি। শেষ দিকে আসলে নিজের মতো করে খেলতে পারিনি।’
তারপরও যা হয়েছে মারুফের মন্দ নয়। প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে তিনিও থাকছেন অস্ট্রেলিয়ায়। বিপিএলের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী মারুফের চোখে এখন নতুন স্বপ্ন, ‘ভাবিনি বিপিএল দিয়ে এই পর্যায়ে সুযোগ পাব। এখন সবচেয়ে বড় স্বপ্নটা পূরণে যত কষ্ট বা ত্যাগ স্বীকার করতে হয় করব।’