নাম এরিক ট্যাম। মালয়েশিয়ার মানুষ। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে ম্যারাথন গতির হাঁটার (নাকি দৌড়?) মধ্যে এটুকুই শুধু জানা গেল তাঁর সম্পর্কে। তবে পরশু গ্রেনাডায় ঠিকঠাকভাবে পৌঁছানো বাংলাদেশের তিন সাংবাদিকের এই এরিক ট্যামের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। ট্যাম না থাকলে যে কি হতো!
দুবাইয়ে বাংলাদেশ দলের মতোই পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাদের তিন সাংবাদিককে। দুবাই থেকে লন্ডনের ফ্লাইট ৪৫ মিনিটের মতো বিলম্বিত। আর দুবাই থেকে ৪৫ মিনিট দেরিতে বিমান ছাড়া মানে গ্যাটউইক বিমানবন্দরেও ৪৫-৫০ মিনিট দেরিতে পৌঁছানো। কিন্তু গ্রেনাডা আসার পথে গ্যাটউইকে ট্রানজিটই যেখানে মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটের, সেখানে দুবাই থেকে ৪৫ মিনিট দেরি করে আকাশে ওড়ার অর্থ ভবিষ্যৎটাকে ভাগ্যের হাতে সঁপে দেওয়া। তা দিয়েও শেষ পর্যন্ত ওই এরিক ট্যামের জন্যই রক্ষা।
ঘন মেঘে ঢাকা লন্ডনের আকাশে বেশ কয়েকবার চক্কর দিয়ে শেষ পর্যন্ত বিমান রানওয়ে স্পর্শ করল সকাল আটটা ২০ মিনিটে। গ্রেনাডার ফ্লাইট নয়টায়। কিন্তু গ্যাটউইকের যে টারমাকে যাত্রী নামানো হলো, সেখান থেকে সাউথ টার্মিনাল পর্যন্ত পথটা এতই জটিল আর দীর্ঘ যে এরিকের মতো পথপ্রদর্শক না থাকলে সময়মতো গ্রেনাডার বিমানে ওঠা হতো না নিশ্চিত। বিমানবন্দরের এই তরুণ কর্মীই তিন সাংবাদিককে কখনো দৌড়াতে বাধ্য করলেন, কখনো বাসে চড়ালেন, কখনো বা ভয় দেখালেন, ‘আরও জোরে না হাঁটলে কিন্তু প্লেন মিস করবে।’ শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক আগেই পৌঁছে দিলেন ভার্জিন আটলান্টিকের অপেক্ষমাণ বিমানে। সাফল্যের সঙ্গে কাজটা করতে পেরে এরিক ট্যামের তৃপ্তি, ‘এটা আমার জব অব দ্য ডে’।
তাঁর ‘জব অব দ্য ডে’র কল্যাণে সাংবাদিকেরা ঠিকঠাকভাবে গ্রেনাডায় পৌঁছাতে পারলেও পৌঁছায়নি কারও লাগেজই। মরিস বিশপ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশ্বাস মিলেছে, দু-এক দিনের মধ্যেই তা এসে যাবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আগে আসাদের কাছ থেকে এই অঞ্চলের মানুষের যে রকম খেয়ালি চরিত্রের কথা জেনেছি, আশ্বাসে বিশ্বাস রাখতে সাহস হচ্ছে না। আবার এটাও ঠিক, এ ছাড়া উপায়ও নেই।
১২-১৩ জনের লাগেজ ছাড়া বাংলাদেশ দলের গ্রেনাডায় পৌঁছার কথা আগেই জেনেছেন। শেষ পর্যন্ত ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে গ্রেনাডায় এসেছে দুবাইয়ে রয়ে যাওয়া লাগেজগুলো। সেই লাগেজ বিপত্তির দিনের এক ঘটনা মনে করে হাবিবুল বাশার হেসে কুটি কুটি। দলকে লিয়াজোঁ কর্মকর্তাকে দিয়ে হোটেলে পাঠিয়ে লাগেজ বুঝে নেওয়ার জন্য টিম ম্যানেজার হয়ে আসা হাবিবুল রয়ে গেলেন বিমানবন্দরে। পরে গ্রেনাডা ক্রিকেটের একজনের গাড়িতে হোটেলে ফিরলেন। কিন্তু এ কোন হোটেল! গ্রেনাডায় বাংলাদেশ দলের হোটেল গ্রেনাডিয়ান বাই রেক্স রিসোর্ট বিমানবন্দর থেকে হাঁটা দূরত্বে। অথচ হাবিবুলকে কিনা গ্রেনাডা ক্রিকেটের ওই ভদ্রলোক নামিয়ে দিয়ে এসেছেন অনেক দূরের র্যাডিসন হোটেলে! পথেই বাই রেক্স রিসোর্ট পড়লেও ওয়েস্ট ইন্ডিজ দল যেহেতু র্যাডিসনে আছে, তিনি ভেবেছেন বাংলাদেশ দলও ওখানেই। পরে ট্যাক্সি নিয়ে আসল হোটেলে ফিরতে হয়েছে হাবিবুলকে।
বাংলাদেশ দল এর আগে যে কয়বারই গ্রেনাডায় এসেছে, থেকেছে র্যাডিসনেই। যদিও তখন হোটেলটির নাম ছিল অন্য। এবারই প্রথম শহর থেকে একটু দূরের গ্রেনাডিয়ান বাই রেক্স রিসোর্টে। জনমানবশূন্য এলাকা। আশপাশে দোকানপাটও নেই। তবে সমুদ্রপাড়ের রিসোর্টটার কোলে একটু পর পর আছড়ে পড়ছে ফেনিল জলরাশির ঢেউ। এ লেখা যখন লিখছি, তখনো ঢিল ছোড়া দূরত্বে সমুদ্রের শোঁ শোঁ শব্দ। রুমের দরজা খুলে ব্যালকনিতে দাঁড়ালেই মন ভালো হয়ে যাচ্ছে। সামনে দিগন্ত প্রসারিত নীল সমুদ্র মনে বিভ্রান্তি আনে—এ স্বপ্ন, নাকি সত্যি!
ক্রিকেটাররাও সমুদ্রপাড়ের রিসোর্টে থাকাটা ভালোই উপভোগ করছেন মনে হচ্ছে। রিসোর্টের গাছ থেকে তেঁতুল পেড়ে তেঁতুল ভর্তা খাওয়া, ডাব পেড়ে ডাব খাওয়াও চলছে। পুরো দল বলতে গেলে সারাক্ষণই একসঙ্গে। দলের সবার মধ্যে প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছেন হাবিবুল। মাশরাফিও বলছিলেন, ‘দলটা এখন যে রকম আছে, সব সময় এ রকম থাকা দরকার। সবার মধ্যে ফুরফুরে ভাব। ভালো কিছু করার তাড়না। দেখে ভালো লাগে।’ প্রস্তুতি ম্যাচে জয়ের পর পরশু বিশ্রামের দিনে সবাই মিলে স্নর্কেলিং হয়েছে। ডুবুরিদের মুখোশ পরে সমুদ্রের পানির নিচের জগৎটা দেখে রীতিমতো বিস্মিত ক্রিকেটাররা।
সুখী পরিবারের ভাবটা খুঁজে পাওয়া গেল কোচিং স্টাফদের মধ্যেও। কোচ চন্ডিকা হাথুরুসিংহের নেতৃত্বে সব বিদেশি কোচিং স্টাফ মিলে রাতে কোথায় যেন খেতে গেলেন। যাওয়ার আগে হাসতে হাসতে এই প্রতিবেদককে হাথুরুর টিপ্পনি, ‘কী...লাগেজ ছাড়াই এলে!’ দুঃসংবাদ দেখি আসলেই বাতাসের আগে দৌড়ায়!
তার আগে সন্ধ্যায় লম্বা টিম মিটিং করেছেন হাথুরুসিংহে। খেলোয়াড়দের মনের মধ্যে একটা নতুন স্বপ্নের বীজ বুনতে চেষ্টা করেছেন সেখানে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আলোচনা তো হয়েছেই, সঙ্গে কোচ এ-ও বলেছেন, ‘স্বপ্ন দেখতে তো দোষ নেই। আজ থেকে প্রত্যেকে মনে মনে স্বপ্ন দেখ, তোমরা ২০১৫ বিশ্বকাপ জিতবে। এটা কাউকে শোনানোর দরকার নেই। স্বপ্নটা নিজের ভেতর পুষে রাখো।’
হাথুরুর পছন্দটা চমৎকার। স্বপ্ন দেখানোর জন্য স্বপ্নের মতো সুন্দর ক্যারিবীয় দ্বীপপুঞ্জটাকেই বেছে নিলেন!