
ভালোর মধ্যেও ভালো থাকে। সবই ভালো হয়ে গেলে করতে হয় সেই সন্ধান, কোনটা সবচেয়ে বেশি ভালো?
বাংলাদেশের ক্রিকেটকে ২০১৫ সাল দাঁড় করিয়ে দিয়েছে সে রকমই এক মধুর চ্যালেঞ্জের সামনে। এই যে বছরজুড়ে এত ভালো, এর মধ্যে সেরা ভালো কোনটা? বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা, নাকি পাকিস্তানকে ধবলধোলাই? ব্যক্তিগত পারফরম্যান্সের আলোচনায়ও একই ব্যাপার। এ বছর কোনটা দেশের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স? বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দুই সেঞ্চুরি নাকি বিস্ময়বালক মুস্তাফিজুর রহমানের অভিষেকেই বিশ্ব মাতানো? টেস্টে তামিম ইকবালের ডাবল সেঞ্চুরি আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জয়রথ ছুটিয়ে নতুন উচ্চতায় উঠে যাওয়াও আসতে পারে প্রতিদ্বন্দ্বিতায়।
আগের বছরের সালতামামিজুড়ে ছিল শুধু হাহাকার। বছরের শেষভাগে জিম্বাবুয়ে সিরিজ জয় সেই ক্ষতে দেয় সান্ত্বনার সামান্য প্রলেপ। তখন জানা ছিল না, সাফল্যের রেলগাড়ি ছুটতে শুরু করবে আসলে এখান থেকেই। ২০১৫ সালের শুরু বিশ্বকাপ ‘জিতে’। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব বাংলাদেশের জন্য ‘বিশ্বকাপ জয়’ই তো! দুর্ভাগ্য, শেষ আটে ভারতের কাছে হেরে যাওয়ায় শেষ হাসিটা আর বিস্তৃত হয়নি।
কিন্তু বিশ্বকাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস ক্রিকেটারদের ধমনিতে প্রবাহিত হলো সারা বছরই। দেশে ফিরেই পাকিস্তানের বিপক্ষে বীর বিক্রমে সিরিজ জয়। প্রথমে ওয়ানডেতে ধবলধোলাইয়ের স্বাদ দেওয়া, পরে খুলনা টেস্টে আধিপত্য দেখিয়ে ড্র। মুশফিকুর রহিমের পর টেস্টে বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। রেকর্ডের পাতায় ঢুকল দ্বিতীয় ইনিংসে ইমরুল-তামিমের ৩১২ রানের ওপেনিং জুটিটাও। বাংলাদেশ দলের হয়ে যেকোনো উইকেটেই সর্বোচ্চ রানের জুটি। দ্বিতীয় ইনিংসের ওপেনিং জুটিতে তো বিশ্ব রেকর্ডই!
পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে দাপুটে ড্র হলেও ২০১৫-তে বাংলাদেশের আরও তিন টেস্ট দেখেছে বৃষ্টিবিঘ্নিত ড্র। ভারতের বিপক্ষে ছিল একটি টেস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টটি রোমাঞ্চকর এক জায়গায় পৌঁছে তবেই গেছে বৃষ্টির পেটে। বিশ্বকাপের পর বাংলাদেশ দল এ বছর সব সিরিজই খেলেছে দেশের মাটিতে। ওয়ানডের বদলে যাওয়া চেহারায় এটিরও হয়তো ভূমিকা আছে। আছে অধিনায়ক মাশরাফির নেতৃত্বগুণের প্রভাবও। এপ্রিলে পাকিস্তানকে ধবলধোলাই করে শুরু। মাঝে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ২-১-এ সিরিজ হারিয়ে বছরের শেষ ভাগে এসে ধবলধোলাই জিম্বাবুয়েকে। আগের বছর যে দল টানা ১২ ওয়ানডেতে হেরেছে, সেই দলই কি না এ বছর ১৮ ওয়ানডে খেলে জিতল ১৩টিতেই! সিরিজ হারেনি একটিও। টি-টোয়েন্টিতেও পাঁচ ম্যাচ খেলে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি জয়। গত বছর ৯ ম্যাচ খেলে ৭টিতেই হারের তুলনায় এটাকে ভালো ফলাফল বলাই যায়।
সাফল্য আর নবীনের সমারোহ এবার হাতে হাত ধরে এসেছে জাতীয় দলে। গত বছর জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হলেও সৌম্য সরকার, সাব্বির রহমান নিজেদের চিনিয়েছেন এ বছরই। লিটন দাস, মুস্তাফিজ তো ২০১৫-এরই আবিষ্কার। লিটনের জন্য বছরের শেষটা ভালো না হলেও বাঁহাতি পেসার মুস্তাফিজের ‘কাটার’ যেন সময়ের সঙ্গে সঙ্গে ‘প্রাণঘাতী’ হচ্ছে আরও!
আন্তর্জাতিক ক্রিকেটের পর মুস্তাফিজ ব্যাটসম্যানদের ঘুম কেড়েছেন ঘরোয়া ক্রিকেটেও। অবশ্য সেই ঘরোয়া ক্রিকেটেও ছিল আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ। বিপিএল যে বিদেশি তারকাদেরও মেলা বসায় বাংলাদেশে! ঢাকা ডায়নামাইটসের হয়ে ক্রিস গেইল, শহীদ আফ্রিদির উইকেট নিশ্চিতভাবেই বাঁহাতি এই পেসারের আত্মবিশ্বাসে সঞ্জীবনী হবে। তবে বিপিএলের আবিষ্কার যদি কাউকে বলতেই হয়, সে আবু হায়দার। টুর্নামেন্টে প্রথমবার খেলেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের শিরোপা জয়ে বড় ভূমিকা বাঁহাতি এই পেসারের।
এক মৌসুম পর মাঠে ফেরা বিপিএল বছরের সবচেয়ে আলোচিত আসর হলেও ঘরোয়া ক্রিকেট ব্যস্ত ছিল সারা বছরই। জানুয়ারিতে প্রাইম ব্যাংকের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। বিসিএলের শিরোপাও গেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলেই। জাতীয় লিগের তো দুটি মৌসুমই পেল এ বছর! ২০১৪-১৫-এর চ্যাম্পিয়ন রংপুর ও ২০১৫-১৬-তে শিরোপা জিতেছে খুলনা।
আগের বছর রুবেল হোসেনের মাঠের বাইরের এক ঘটনায় তোলপাড় হয়েছিল দেশের ক্রিকেট। ক্রিকেটাররা নেতিবাচক কারণে সংবাদ শিরোনাম হয়েছেন এ বছরও। সাফল্য আর ব্যস্ততার বছরে কালো দাগ গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে সস্ত্রীক শাহাদাত হোসেনের কারাগারে যাওয়া। এই এক ফোঁটা কলঙ্ক বাদ দিলে ২০১৫ বাংলাদেশের ক্রিকেটকে দিলই বেশি। যুব বিশ্বকাপ, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা দিয়ে শুরু সামনের বছরটা তাই দেখাচ্ছে আরও ভালো কিছুর স্বপ্ন।