স্বপ্নের মতো শুরু অধিনায়ক-জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রে ইলিংওয়ার্থ, স্টিভেন স্মিথ
রে ইলিংওয়ার্থ, স্টিভেন স্মিথ

একদিন তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন, এই আভাস ছিল অনেক আগে থেকেই। তবে স্টিভেন স্মিথ কিন্তু প্রথমবার অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব করেছিলেন হঠাৎ করেই। ২০১৪ সালের ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টটা খেলেই চোটে পড়লেন নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। ব্রিসবেনে পরের টেস্টে দলের নেতৃত্বভার এসে পড়ল সহ-অধিনায়ক স্মিথের কাঁধে। টেস্টটা অস্ট্রেলিয়া জিতেছিল ৪ উইকেটে।
সেই শুরু। টেস্টে প্রথম টস করতে নামার দিন স্মিথের বয়স ২৫ বছর ১৯৫ দিন। এর চেয়ে কম বয়সে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন মাত্র দুজন। স্মিথের তখন মাত্র ২৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা। পাকাপাকিভাবে টেস্ট অধিনায়কত্ব পেলেন গত বছর অ্যাশেজে হারের পর ক্লার্কের অবসরে। সেই স্মিথ কয়েক দিন আগে ওয়েলিংটনে অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের দশম টেস্টটি খেললেন। এই ১০ টেস্টের পারফরম্যান্স বিচারে তিনি এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে সাম্প্রতিক পূর্বসূরি মাইকেল ক্লার্ক, রিকি পন্টিং, স্টিভ ওয়াহ ও মার্ক টেলররাও পড়ে যাচ্ছেন তাঁর পেছনে। স্মিথের নেতৃত্বে ১০ টেস্ট খেলে এখনো একটিও হারেনি অস্ট্রেলিয়া। জিতেছে ৬টিতে, বাকি ৪টি ড্র। অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে অপরাজিত থাকার সৌভাগ্য হয়নি ক্লার্ক, পন্টিং, ওয়াহ, টেলর কারোরই।
জয়ের হিসাবেও স্মিথ অনেকের চেয়েই এগিয়ে। প্রথম ১০ টেস্টে টেলর জিতেছিলেন ৪টি, ওয়াহ ও ক্লার্ক ৫টি করে। পন্টিং অবশ্য অধিনায়কত্বের প্রথম ১০ টেস্টের ৮টিতেই জিতেছিলেন। তবে তাঁকে হারতেও হয়েছিল একটি টেস্টে। টেলর হেরেছিলেন ৪টি, ওয়াহ-ক্লার্ক ৩টি করে।
অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে স্মিথ ছাড়া একমাত্র ওয়ারউইক আর্মস্ট্রংয়েরই সৌভাগ্য হয়েছিল প্রথম ১০ টেস্টে অপরাজিত থাকার। ক্যারিয়ারে সব মিলিয়ে এই ১০টি টেস্টেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন আর্মস্ট্রং (১৯২০-২১ মৌসুমে)। জিতেছেন প্রথম ৮টি টেস্টেই, এমন স্বপ্নের মতো সূচনা টেস্ট ইতিহাসে আর কোনো অধিনায়কের হয়নি। অধিনায়কের ভূমিকায় পরাজয়ের অভিজ্ঞতাই নেই বিশাল বপুর কারণে ‘বিগ শিপ’ নামে পরিচিত আর্মস্ট্রংয়ের (ড্র হয়েছিল শেষ দুটি টেস্ট)।
অধিনায়ক হিসেবে অন্তত প্রথম ১০ টেস্টে অপরাজিত থাকাটা যদি শুভসূচনার মানদণ্ড হিসেবে ধরা হয়, তাহলে আর্মস্ট্রং ও স্মিথের সঙ্গী পাওয়া যাবে আরও আটজন। এই তালিকায় সবার ওপরে সাবেক ইংলিশ অধিনায়ক রে ইলিংওয়ার্থ। ১৯৬৯ সালে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর ইলিংওয়ার্থের নেতৃত্বে প্রথম ১৯ টেস্টের একটিও হারেনি ইংল্যান্ড, জিতেছিল ৮টি, বাকি ১১টি ড্র। অধিনায়কত্বের শুরুতে টানা এত বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই আর কারও।
ইলিংওয়ার্থের চেয়ে অবশ্য খুব বেশি পিছিয়ে নেই সুনীল গাভাস্কার। কিংবদন্তি এই ব্যাটসম্যান অধিনায়ক হওয়ার পর প্রথম ১৮ টেস্টের একটিতেও হারেনি ভারত। জিতেছিল ৬টি, ড্র বাকি ১২টি। অধিনায়ক হিসেবে অন্তত প্রথম ১০ টেস্টে অপরাজিত থাকার তালিকায় গাভাস্কার ছাড়া ভারতীয় আছেন আরও দুজন। একজন নরি কন্ট্রাকটর, অন্যজন একেবারে সাম্প্রতিক—মহেন্দ্র সিং ধোনি। এর মধ্যে নরি কন্ট্রাকটরের অধিনায়কত্ব শুরু হয়েছিল টানা ৮টি ড্র দিয়ে, জিতেছিলেন পরের ২টি।
শুভসূচনার হিসাব-নিকাশ করতে গেলে ইংলিশ অধিনায়কেরাই এগিয়ে থাকবেন। প্রথম ১০ টেস্টে অপরাজিত থাকার তালিকায় ১০ জনের চারজনই ইংল্যান্ডের। ইলিংওয়ার্থ ছাড়াও আছেন মাইক ব্রিয়ারলি, মাইক স্মিথ ও কলিন কাউড্রে। তাঁদের মধ্যে ব্রিয়ারলির কথা একটু আলাদা করেই বলতে হয়। অধিনায়ক হিসেবে প্রথম ১৫ টেস্টের ১০টিতেই জিতেছিলেন ব্রিয়ারলি।
তাঁদের সবার শুরুই সাফল্যের গল্প দিয়ে। উল্টোটাও আছে। আর ব্যর্থতার সেই গল্পে সবার আগে আসে বাংলাদেশের একজনের নাম। ক্যারিয়ারে সব মিলিয়ে ১২ টেস্টে নেতৃত্ব দিয়ে সব কটিতেই হেরেছেন খালেদ মাসুদ!
অধিনায়কত্বের শুরুতে অপরাজেয় যাত্রা
ম্যাচ জয় ড্র
রে ইলিংওয়ার্থ ইংল্যান্ড ১৯ ৮ ১১
সুনীল গাভাস্কার ভারত ১৮ ৬ ১২
মাইক ব্রিয়ারলি ইংল্যান্ড ১৫ ১০ ৫
মাইক স্মিথ ইংল্যান্ড ১৪ ৪ ১০
ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ ১১ ৭ ৪
মহেন্দ্র সিং ধোনি ভারত ১১ ৮ ৩
ওয়ারউইক আর্মস্ট্রং অস্ট্রেলিয়া ১০ ৮ ২
নরি কনট্রাক্টর ভারত ১০ ২ ৮
কলিন কাউড্রে ইংল্যান্ড ১০ ৫ ৫
স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া ১০ ৬ ৪