স্বপ্নের মাঠে রিফাতদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স জাতীয় স্কুল টুর্নামেন্টের ফাইনালে দিনাজপুরকে হারিয়ে শিরোপা জিতেছে টাঙ্গাইল। কাল মিরপুরে l প্রথম আলো
ইয়াং টাইগার্স জাতীয় স্কুল টুর্নামেন্টের ফাইনালে দিনাজপুরকে হারিয়ে শিরোপা জিতেছে টাঙ্গাইল। কাল মিরপুরে l প্রথম আলো

এ মাঠেই আলো ছড়ান মাশরাফি-সাকিব-তামিমরা। এ মাঠেই বাংলাদেশ দলের কত কীর্তি! মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন দিনাজপুর হাইস্কুল কিংবা টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়দের কাছে স্বপ্নের এক মাঠ। সেই মাঠেই কাল তারা খেলল ফাইনাল!
মাঠ নিয়ে রোমাঞ্চ থাকলেও ইয়াং টাইগার্স জাতীয় স্কুল টুর্নামেন্টের ফাইনালে খুদে ক্রিকেটারদের খেলা দেখে মনে হয়নি প্রথমবারের মতো তারা খেলছে দেশের সবচেয়ে বড় মাঠে! হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিনাজপুরকে ৩ উইকেটে হারিয়েছে টাঙ্গাইল।
প্রথমে ব্যাটিং করা দিনাজপুরকে শুরুতেই কাঁপিয়ে দেয় টাঙ্গাইলের পেসার রিফাত হাসান। ১৮ রানেই ফিরিয়ে দেয় দুই ওপেনারকে। ২৭.৩ ওভারে ৭৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দিনাজপুরকে লড়াইয়ের পুঁজি দেয় রেজওয়ান হোসেন-সজীব কামালের অষ্টম উইকেট-জুটি। ২ রানের ব্যবধানেই শেষ ৩ উইকেট পড়লে দলটি ৪৭.৪ ওভারে অলআউট হয়ে যায় ১৩৩ রানে।
১৩৪ রান তাড়া করতে নামা টাঙ্গাইলের ওপেনিং জুটি তোলে ৪১ রান। এরপরই ব্যাটিং বিপর্যয়, ৮ রানের ব্যবধানে ৫ উইকেটের পতন। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত রিফাত, অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়ে দারুণ সব শটে ৮৪ বলে করেছে অপরাজিত ৪৪ রান। অন্তর ইসলামের সঙ্গে অবিচ্ছিন্ন অষ্টম উইকেট-জুটিতে ৪২ রান যোগ করে দলকে এনে দিয়েছে স্মরণীয় এক জয়।
বড় মাঠে বড় ম্যাচ, তার ওপর তীব্র চাপ। সব সামলে ম্যাচ জিতিয়ে ফেরা রিফাতের কথায় এক পরিণত ক্রিকেটারের ছাপ, ‘মিরপুরে খেলা নিয়ে খুব রোমাঞ্চ অনুভব করছিলাম। তবে আজ (কাল) খেলার সময় উত্তেজনাটা আর থাকেনি। অন্য সব মাঠের মতোই মনে হচ্ছিল। উত্তেজনা থাকলে এত ভালো খেলতে পারতাম না।’
সারা দেশে ৫৪০টি স্কুলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয় গত ১৩ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে ৯৬৫টি ম্যাচে খেলেছে ১০ হাজার ৮০০ খেলোয়াড়। ফাইনালে ঢাকার বাইরের দুটি দল খেলায় বেশ খুশি মাহবুবুল আনাম। আগামীবারও স্কুল টুর্নামেন্টের ফাইনাল মিরপুরে আয়োজন করার ঘোষণা দেন বিসিবির সহসভাপতি।