স্বপ্নের সাগরে মিরাজ-নাজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেটের মালিক এখন তাঁরা দুজন। কাল বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতে নাজমুল ও মিরাজ l প্রথম আলো
যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেটের মালিক এখন তাঁরা দুজন। কাল বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতে নাজমুল ও মিরাজ l প্রথম আলো

এবারের যুব বিশ্বকাপে প্রতি ম্যাচ শেষেই বিজয়ী দলের খেলোয়াড়দের নিয়ে সেলফি তোলার আয়োজন করছে আইসিসি। কাল ম্যাচের পর সেলফি স্টিকটা দেখা গেল সালেহ আহমেদ শাওনের হাতে। ৮ ওভারে ১০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা। আনন্দের মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখার মূল দায়িত্ব তিনি নিতেই পারেন। অথচ আলোকচিত্রী সালেহকে নয়, খুঁজছেন মিরাজ-নাজমুলকে!
ম্যাচ তাড়াতাড়ি শেষ হওয়ায় কাল হাতে খানিকটা সময় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ তো আছেই, ঢাকায় উড়াল দেওয়ার আগে কিছুটা নির্ভার সময় কাটাতে খেলোয়াড়দের সমুদ্রস্নানের সুযোগ করে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেখানেই মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেনকে এক ফ্রেমে আটকানোর চেষ্টা আলোকচিত্রীর। আর তা দেখেই সালেহর স্বভাবসুলভ রসিকতা, ‘শুধু মিরাজ-শান্তর ছবি তুলতে চান! আমরা বুঝি কিছু নই?’
তা হবেন না কেন? যুব বিশ্বকাপে বাংলাদেশ সাফল্য পাচ্ছে দল হিসেবেই। এই দলের সবাই নায়ক। তবে অসাধারণ দুটি রেকর্ড গড়ে মিরাজ-নাজমুল নজর কেড়েছেন একটু আলাদা করেই।
পাকিস্তানের সামি আসলামের ১৬৯৫ রান টপকে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের নতুন মালিক এখন নাজমুল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মিরাজের সামনেও সুযোগ ছিল যুব ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। তবে তাঁকে একটু অপেক্ষায় রেখেছিল শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম। কাল তাও হয়ে গেল। আরেক পাকিস্তানি ইমাদ ওয়াসিমের ৭৩ উইকেট ছাড়িয়ে যুব ওয়ানডেতে এখন সর্বোচ্চ উইকেট বাংলাদেশের মিরাজের।
২০১০ সালে বিকেএসপিতে অনূর্ধ্ব-১৫ অনুশীলন ক্যাম্পে প্রথম পরিচয়ের পর থেকেই দুজন ঘনিষ্ঠ বন্ধু। খেলেছেনও একসঙ্গে। একে অন্যকে খুব ভালো চেনেন-বোঝেন। নাজমুল যেদিন রেকর্ডটা গড়লেন, সেই দিন সবচেয়ে বেশি খুশি মিরাজই হয়েছিলেন। ম্যাচ শেষে নাজমুল বলেছিলেন, ‘আমার রান তখন ৬০, এর পর রেকর্ড হয়ে গেলে (বাউন্ডারি মেরে) ও ইমোশনাল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, রেকর্ডটা আসলে সে-ই করেছে। মিরাজ সব সময় এভাবে আমার পাশে থাকে।’
কাল রেকর্ড গড়ার পর মিরাজও জানালেন, তাঁর রেকর্ডে সবচেয়ে বেশি রোমাঞ্চিত নাজমুল, ‘শেষ উইকেট যখন পাই, দলের সবাই জড়িয়ে ধরেছে। বিশেষ করে শান্ত (নাজমুল) বেশি রোমাঞ্চিত ছিল।’
চরিত্রগত কিংবা খেলার ধরনে হয়তো দুজন দুই রকম। তবে মিরাজ-নাজমুলের স্বপ্ন একই—ভবিষ্যতে খেলতে চান বাংলাদেশ দলে। দুই বন্ধুর সেই স্বপ্ন কবে পূরণ হতে পারে? আদিগন্ত বিস্তৃত নীল জলরাশির মাঝে যেমন তীর খুঁজে পাওয়া মুশকিল, নাজমুলের কাছে উত্তরটা তেমনই কঠিন, ‘এখনই বলা কঠিন। চেষ্টা তো থাকবেই। দেখা যাক...।’
মিরাজ-নাজমুলের সমুদ্রস্নানের সময়ই সাগর থেকে তীরে ফিরছিল জেলেদের নৌকাগুলো। অনূর্ধ্ব-১৯ দলের এই দুই যুবা ক্রিকেটারও নিশ্চয়ই একদিন স্বপ্নের সাগর থেকে পৌঁছাবেন বাস্তবের তীরে।