স্বরূপে ফেরা সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
এখনো যেহেতু ছয়টি সেশন বাকি, নিজেদের নিরাপদে রেখেই বাংলাদেশকে ব্যাটিংয়ে ডাকবে বিরাট কোহলির দল। সেটা যখনই হোক না কেন, ব্যাটিংয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ

তিন দিনে খেলা হয়েছে ১০৪ ওভারের মতো। ইনিংস শেষ হয়নি একটিও। বৃষ্টি ম্যাচের এতটা খেয়ে নেওয়ার পর ড্র-ই ফতুল্লা টেস্টের সবচেয়ে বেশি দৃশ্যমান ফলাফল। ভারতীয় দল হয়তো আপ্রাণ চেষ্টা চালাবে বাকি দুই দিনের মধ্যে জয়ের পথ তৈরি করতে, চাইবে আর একটা বলও যেন বৃষ্টিতে ভেসে না যায়। সাকিব আল হাসান তবু মুচকি হেসে বলছেন, এই টেস্টে ড্রয়ের ছবিটাই এখন সবচেয়ে বেশি উজ্জ্বল।
দ্বিতীয় দিনে খেলা হয়নি এক বলও। দিন শেষে সংবাদ সম্মেলনেও কথা বলতে হয়নি। কাল হলো এবং তাতে বাংলাদেশের প্রতিনিধি সাকিব। ৪ উইকেট পেয়েছেন বলেই নয়, বাঁহাতি এই স্পিনার একটা মাইলফলকও যে অতিক্রম করে এলেন এদিন! নিজের বলে শিখর ধাওয়ানের ক্যাচ নিয়ে টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দেশের মাটিতে নিলেন ১০০ উইকেট। সংবাদ সম্মেলনের শুরুতে এই অর্জনের জন্য অভিনন্দন জানাতেই সাকিবের নির্লিপ্ত জবাব, ‘আমি আসলে এটা জানতাম না। এখন জানলাম। দেশের মাটিতে ১০০ উইকেট পেয়ে ভালো অনুভূতি হচ্ছে।’
সর্বশেষ তিন টেস্টে পেয়েছেন মাত্র ৩ উইকেট। সাকিবের দৃষ্টিতে এটাই হয়ে গেছে ‘গত তিন-চার টেস্টে’ ভালো বল না করার দৃষ্টান্ত। নিয়মিত উইকেট পেতে পেতে হয়তো অভ্যাসটাই এ রকম হয়ে গেছে যে, এখন তিন টেস্টে প্রত্যাশানুযায়ী উইকেট না পেলেই মনে হয় অনন্তকাল ধরে ভালো বল হচ্ছে না। অথচ মাত্র তিন টেস্ট আগেই তাঁর আছে এক টেস্টে ১০ উইকেট! পারফরম্যান্সের আয়নায় স্বরূপ দেখে যেন স্বস্তির নিশ্বাস ফেললেন সাকিব। কৃতিত্বটা দিলেন শুরুর দিকের কোচ নাজমুল আবেদীনকে, যিনি এখন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট কোচ। ‘আমি আমার অ্যাকশনে একটু পরিবর্তন আনতে চাচ্ছিলাম। কারণ গত তিন-চার টেস্টে আমি ভালো বল করছিলাম না। গত (পরশু) রাতে আমার কোচের সঙ্গে কথা বলি। তিনি বলেছেন, কিছু জায়গায় আমি কাজ করতে পারি। তাঁর পরামর্শ অনেক কাজে লেগেছে’—সাকিব জানালেন তাঁর বদলে যাওয়া বোলিংয়ের রহস্য।
ঠিক কী পরিবর্তন এল বোলিং অ্যাকশনে? প্রশ্নটা শুনেই হেসে দিলেন সাকিব, ‘এটা আসলে বলে বোঝাতে পারব না। বল করে দেখাতে হবে। পায়ের অবস্থান কিছুটা বদলেছে।’ কাল দিনের শুরুর দিকে নতুন অ্যাকশনের সঙ্গে মানিয়ে নিতে একটু কষ্ট হলেও সাকিবের বিশ্বাস, যত বেশি অনুশীলন করবেন ততই অভ্যস্ত হয়ে উঠবেন এতে।
ভারতের বিপক্ষে এর আগে ৭ টেস্ট খেলে ছটিতেই হার। ২০০৭ সালে যে টেস্টটা ড্র হলো, ভারতের চোখে সেটি হতে পারে বৃষ্টির ‘অভিশাপ’। তাতে অবশ্য ওই টেস্ট বাঁচানোতে মাশরাফি-শাহাদাত-জাভেদদের লড়াই মিথ্যা হয়ে যাচ্ছে না। এবারের টেস্টটা ড্র হলে হয়তো বৃষ্টির ভূমিকাই বেশি থাকবে। তবে তৃতীয় দিনে ৪৭.৩ ওভারেই ৬ উইকেট হারিয়ে ভারত যে কালই ইনিংস ঘোষণার সাহস পেল না, সে জন্য কৃতিত্ব দিতে হবে সাকিব-জুবায়েরের বোলিংকেও। সাকিব অবশ্য শুধু বৃষ্টি আর বোলিংয়ের দিকেই তাকাচ্ছেন না। ব্যাটসম্যানদের দায়িত্বটাও মনে করিয়ে দিচ্ছেন, ‘যখনই ব্যাটিংয়ের সুযোগ পাব, আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব বেশি সময় নিয়ে ব্যাটিং করার।’ তাঁর বিশ্বাস, ফতুল্লার উইকেট সাহায্যের হাতই বাড়িয়ে দেবে বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে, ‘উইকেট এখনো অনেক ভালো আছে। যেমন থাকা উচিত এবং যেভাবে আমরা প্রত্যাশা করেছি, সেভাবেই আছে। কোনো উঁচু-নিচু বল হচ্ছে না। মনে হয় না আমাদের জন্য খুব সমস্যা হবে। উইকেট যেমন আছে, আমার মনে হয় আমরা ওদের বোলিং আক্রমণ সামলানোর সামর্থ্য রাখি।’
বাংলাদেশ দলের ধারণা ছিল কাল চা-বিরতির পরই প্রথম ইনিংস ঘোষণা করে দেবে ভারত। মানসিকভাবে ব্যাটিংয়ের প্রস্তুতিও নিচ্ছিল সবাই। কিন্তু ভারত ইনিংস ছাড়েনি। আজ কোথায় ছাড়বে সেটাও অজানা। তবে এখনো যেহেতু ছয়টি সেশন বাকি, নিশ্চিত যে নিজেদের নিরাপদে রেখেই বাংলাদেশকে ব্যাটিংয়ে ডাকবে বিরাট কোহলির দল। সেটা যখনই হোক না কেন, ব্যাটিংয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ। প্রকৃতি যে সম্ভাবনাটাকে সামনে নিয়ে এসেছে, প্রস্তুত সেটিকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করতে।