রাজস্থানের বিপক্ষেও সানরাইজার্সকে জেতালেন বোলাররা

>• আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫১ রান তুলেছিল সানরাইজার্স
• জবাবে ৬ উইকেটে ১৪০ রানে থেমেছে রাজস্থান রয়্যালস
বিশ্লেষকেরা আইপিএল শুরুর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবার সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগ সেরা। সর্বশেষ তিন ম্যাচেই (আজসহ) কথাটি অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন সাকিব আল হাসান-রশিদ খানেরা।
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১১৮ রানের পুঁজি নিয়েও জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। পরের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৩২ রান করেও এসেছে জয়। আজও সেই একই চিত্র। সানরাইজার্সের ব্যাটিং বিভাগ সেভাবে জ্বলে উঠতে না পারলেও পুষিয়ে দিয়েছেন বোলাররা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটে ১৫১ রানের পুঁজি নিয়েও বোলাররা ১১ রানের জয় উপহার দিয়েছেন সানরাইজার্সকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল সাকিবদের দল। ৮ ম্যাচে সানরাইজার্সের সংগ্রহ ১২ পয়েন্ট।
স্বল্প পুঁজি রক্ষা করার লড়াইয়ে আজ দ্বিতীয় ওভারেই সাকিব আল হাসানকে আক্রমণে নিয়ে এসেছিলেন সানরাইজার্স অধিনায়ক উইলিয়ামসন। প্রথম ওভারে ৯ রান দেওয়া সাকিব তাঁর ৪ ওভারের স্পেলে ৩০ রান দিলেও উইকেট পাননি। রশিদ খান (৪-০-৩১-১), সিদ্ধার্থ কাউলরা (৪-০২৩-২) দারুণ বোলিং করলেও সবচেয়ে উজ্জ্বল ছিলেন সন্দ্বীপ শর্মা। ১৫ রানে ১ উইকেট নেওয়া এই পেসার ওভারপ্রতি ৩.৭৫ গড়ে রান দিয়েছেন। সিদ্ধার্থ (৮), রশিদ (৪), সাকিবদের (৪) তুলনায় সন্দ্বীপ (১৪) ‘ডট’ দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে।
তৃতীয় ওভারেই সন্দ্বীপই রাহুল ত্রিপাঠিকে ফিরিয়ে সানরাইজার্সের জয়ের অভিযান শুরু করেছিলেন। ১১তম ওভারের মধ্যে সঞ্জু স্যামসন (৪০) ও বেন স্টোকসকে (০) হারিয়ে বেশ চাপে পড়ে যায় রাজস্থান। কারণ, ১০.২ ওভারে স্টোকস যখন আউট হন, দলটির সংগ্রহ ৩ উইকেটে ৭৩। রানের গতি সেভাবে ছিল না। পরে এই মন্থর গতিই কাল হয়ে দাঁড়ায় রাজস্থানের জন্য।
জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫০ রান দরকার ছিল তাঁদের। উইকেটে ছিলেন অজিঙ্কা রাহানে ও মহিপাল লোমরোর। অভিজ্ঞ রাহানে পর্যন্ত এখান দলকে জেতাতে পারেননি। ৫৩ বলে ৬৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও রাজস্থানের হারে তাঁর এ ইনিংসকে দোষারোপ করা হতে পারে। কারণ ৩০ বলে ৫০ রানের সমীকরণ থেকে রাজস্থানকে শেষ ওভারে ৬ বলে ২১ রানের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। রাহানে আরেকটু হাত খুলে খেলতে পারলে হয়তো শেষ ওভারে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ত না রাজস্থান (১৪০/৬)।
তার আগে ব্যাটিংয়ে নেমে ধুঁকেছে সানরাইজার্স। ৪৩ বলে ৬৩ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। এ ছাড়া ৩৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন অ্যালেক্স হেলস। সাকিব এদিনও ব্যাট হাতে ভালো করতে পারেননি। ৬ বলে মাত্র ৬ রান করেন।