আফগানিস্তান সিরিজটা হয়ে এসেছিল ‘অ্যাপিটাইজারে’র মতো। দীর্ঘ বিরতির পর এই সিরিজ খেললে জয়ের অভ্যাসে চকচকে ভাব ফিরে আসবে। ভুলত্রুটি কিছু থাকলে সেসবও নিশ্চয়ই শুধরে নেওয়া যাবে। তারপর মূল ‘কোর্স’ ইংল্যান্ড সিরিজ। ‘অ্যাপিটাইজার’ আফগানিস্তান তত দিনে জয়ের ক্ষুধা বাড়িয়ে দেবে বাংলাদেশ দলের। ইংল্যান্ড পাবে সেটির উত্তাপ।
কারও মাথায়ই ছিল না ‘অ্যাপিটাইজার’ উপভোগের সময়ও কাঁটা বিঁধতে পারে গলায়! দ্বিতীয় ওয়ানডে জিতে আফগানরা সিরিজে সমতা ফেরানোর পর এখন সেটা থেকেই উড়ছে মূল ‘কোর্সে’র ধোঁয়া।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজকের শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী, যে ম্যাচ শুরুর আগ পর্যন্ত সব রকম সম্ভাবনায় সমান ভাগ বাংলাদেশ-আফগানিস্তানের। ‘নার্ভাস নাইনটি নাইনে’ অপেক্ষমাণ বাংলাদেশ দলের জন্য এই ম্যাচ যতটা না শততম ওয়ানডে জয়ের উপলক্ষ, তার চেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে মানসম্মান রক্ষার লড়াই। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে যাওয়ার শঙ্কা তো আছেই। আফগানদের কাছে সিরিজ হারলে অন্তত এক দিনের জন্য হলেও বাংলাদেশকে সাত থেকে নেমে দাঁড়াতে হবে আটে।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনে হয়তো কাল সে কারণেই একবারের জন্যও শততম ওয়ানডে জয়ের প্রসঙ্গটি ওঠেনি। প্রায় সব প্রশ্নের কেন্দ্রবিন্দুতেই আফগানিস্তান। মাশরাফিও বারবার বোঝাতে চাইলেন, আফগানিস্তানকে কখনোই তাঁরা খাটো করে দেখেননি। সবাই যতই ভাবুক এ সিরিজটি বাংলাদেশ সহজে জিতবে, দল তেমন করে ভাবেনি। এমনকি আজও যদি বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান সিরিজ জিতে যায়, তবু ফলাফলটাকে মাশরাফি অন্তত অঘটন বলবেন না, ‘তখন মনে করব যোগ্যতর দল হিসেবেই তারা জিতেছে। আমরা যখন বড় দলগুলোর বিপক্ষে জিতি, তারা সেগুলোকে অঘটন বলে। আমাদের যদি তাতে খারাপ লেগে থাকে, তাহলে তাদেরও (আফগানিস্তান) খারাপ লাগার কথা। আমি তাই অঘটন বলব না। সিরিজ জিতলে অবশ্যই তাদের কৃতিত্ব পাওয়া উচিত।’
নিজের বক্তব্যের সপক্ষে প্রাসঙ্গিক কিছু বিষয় মনে করিয়ে দিলেন অধিনায়ক। শেষ এক বছর আফগানরা যেখানেই খেলেছে, সেরাটা খেলার চেষ্টা করেছে। অন্যদিকে বাংলাদেশ গত ১০ মাসে ওয়ানডেই খেলেনি। এই সিরিজের প্রথম ম্যাচ জিতলেও হারের শঙ্কা ছিল শেষ ওভার পর্যন্ত। আর দ্বিতীয় ওয়ানডেতে তো হেরেই গেল! এখন পর্যন্ত হওয়া বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি লড়াইয়েও জয়-পরাজয় সমান। দুটি জয়ই বাংলাদেশের মাটিতে পাওয়া বলে আফগানরাই বরং মানসিকভাবে কিছুটা এগিয়ে।
সর্বশেষ হারটি মূলত ব্যাটিং-ব্যর্থতার পরিণতি। সঙ্গে কিছু বাজে ফিল্ডিং যোগ হওয়ায় সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হয়নি। তারপরও ওই হারকে ‘একটা বাজে দিনের’ ফলাফল হিসেবেই দেখছে বাংলাদেশ। এমন বাজে দিন তো আর বারবার আসে না! এসব মাথায় নিয়ে মাঠে নামা মানে উল্টো চাপ বাড়ানো। কাজ কঠিন করে তোলা। দলের সবার কাছে তাই নির্ভার ক্রিকেট আশা করছেন অধিনায়ক। আর চান সেরা ক্রিকেট, ‘গত ম্যাচে ঘুরে দাঁড়িয়েও শেষটা ভালো করতে পারিনি। একের পর এক উইকেট পড়ে যায়। এ রকম আমরা আশাই করিনি। আমরা আসলে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। এখন সেটা নিয়েই বেশি ভাবছি।’
গতকাল উইকেটের চেহারা দেখে অবশ্য আজকের ম্যাচ নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর দৃষ্টিতে এটা প্রথম ম্যাচের উইকেটের মতোই ভালো। বাউন্স থাকবে, রানও হবে। প্রাথমিকভাবে নাসির হোসেন ও ইমরুল কায়েসকে বাইরে রেখে ১৪ জনের দলটাকে কালই ১২ জনে আনা হলেও একাদশ ঠিক করার কাজটা তুলে রাখা হয়েছিল উইকেটের আজকের চেহারা দেখা পর্যন্ত। তবে সেটা কালকের মতোই থাকলে এই ম্যাচেও প্রথম ম্যাচের মতো তিন পেসার থাকার কথা দলে। মাশরাফি-তাসকিনের সঙ্গে যোগ হবেন শফিউল। নয়তো সাকিব-তাইজুলের সঙ্গে মোশাররফ যোগ হয়ে দেখা যেতে পারে তিন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনারের দলও।
একাদশের চূড়ান্ত ছবিটা বেঁধে দেবে কন্ডিশন। আর আজকের ম্যাচের ফলাফল দেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আসন্ন ব্যস্ত সূচিটা কেমন যাবে, সেই আভাস। ইংল্যান্ড দল এরই মধ্যে ঢাকায়। এরপর নিউজিল্যান্ড সফর, ভারতের বিপক্ষে টেস্ট, চ্যাম্পিয়নস ট্রফি—আরও কত কী! আজ স্বস্তির জয়টা পেয়ে গেলে সিরিজ জয়ের ধারাবাহিকতায় ছেদ পড়বে না। আশার পতাকা উড়তে থাকবে সামনের সিরিজগুলোতেও। কিন্তু আফগানিস্তানের সামনে থেমে যাওয়ার লজ্জা পেতে হলে শুরুটা যে করতে হবে শূন্য থেকে!
কী উপহার দেবে আজ বাংলাদেশ? স্বস্তি নাকি লজ্জা?