
পরশু দিনের খেলা শেষে মাঠ থেকে হোটেলে ফিরে যাওয়ার সময় ছোট্ট একটা ঢিল এসে লাগে অস্ট্রেলিয়া দলের বাসে। ঢিলের আঘাতে ভেঙে যায় বাসের জানালার একটি কাচ। অস্ট্রেলিয়া দল তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেও বিসিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে তারা এখন স্বস্তিতে।
স্বস্তিটা অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানের কথায়ই পরিষ্কার। কাল দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা ঠিক যে ঘটনার পর আমরা হকচকিত হয়ে পড়েছিলাম। তবে এও ঠিক, এখানে আসার পর থেকে আমরা অবিশ্বাস্য নিরাপত্তা পাচ্ছি। বাংলাদেশ, অস্ট্রেলিয়া দুই দলের নিরাপত্তাই ভালো। তাঁরা আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে আমরা এটি আমাদের নিরাপত্তা বিভাগের লোকজনের ওপর ছেড়ে দিয়েছি।’
এর আগে গতকালই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তাপ্রধান শন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, ‘গত রাতে (পরশু) হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া দলের বাসের একটি জানালা ভেঙে যায়। এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করে জানতে পেরেছেন, ছোট একটা পাথরের আঘাতে এটা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। চলাচলের রাস্তায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
বিসিবির দেওয়া বিবৃতিতেও বলা হয়েছে প্রায় একই কথা, ‘বিসিবি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ঘটনা তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর নেওয়া বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।’ তারই অংশ হিসেবে কাল টিম হোটেল থেকে অস্ট্রেলিয়া দলের মাঠে যাওয়া-আসার পথ পরিবর্তন করে ফেলা হয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও প্রথম দিনের তুলনায় অনেক বেশি তৎপর দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।