স্বস্তির নাম ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি ভিলিয়ার্স
ডি ভিলিয়ার্স

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজ থেকে আগেই ছুটি দেওয়া হয়েছিল তাঁকে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নতুন সিদ্ধান্ত, এবি ডি ভিলিয়ার্স খেলবেন না বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। টি-টোয়েন্টি সিরিজ শেষে পরশু রাতেই তাই দেশের বিমান ধরেছেন ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক।
সিরিজ শুরুর আগে এই পাতাতেই শিরোনাম হয়েছিল ‘ভয়ের নাম ডি ভিলিয়ার্স।’ এখন সেটি বদলে হয়ে যাচ্ছে ‘স্বস্তির নাম ডি ভিলিয়ার্স!’ দক্ষিণ আফ্রিকা দলে ডি ভিলিয়ার্স না থাকা মানেই তো রণপরিকল্পনা সাজানোর কাজটা অর্ধেক কমে যাওয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল অনুশীলনের আগে একই কথা বললেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে ডি ভিলিয়ার্স প্রসঙ্গ উঠতেই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন বাঁহাতি এই ওপেনার, ‘ডি ভিলিয়ার্সের মতো একজন খেলোয়াড় যদি প্রতিপক্ষের একাদশে না থাকে; বাংলাদেশ হোক, অস্ট্রেলিয়া হোক, যেকোনো দলের জন্যই তা প্লাস পয়েন্ট। কারণ ও এমন এক খেলোয়াড়, যে কিনা একাই খেলা শেষ করে দিতে পারে।’
দক্ষিণ আফ্রিকা শিবিরে ডি ভিলিয়ার্সের অনুপস্থিতির সুবিধাটা আরও ব্যাখ্যা করে বললেন, ‘অনেক সময় এমনও হয়, ওর দিকে বেশি দৃষ্টি দিতে গিয়ে অন্যদের দিকে দৃষ্টিই দেওয়া হয় না। এই সুযোগে অন্যরা একটু বেশি ভালো করে ফেলে। এখন অন্তত ওটা হবে না। সেদিক দিয়ে তাঁর না থাকাটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক।’

জেপি ডুমিনিকে নিয়ে নেটে হাশিম আমলা l প্রথম আলো
জেপি ডুমিনিকে নিয়ে নেটে হাশিম আমলা l প্রথম আলো

ডি ভিলিয়ার্সকে নিয়ে কোনো কিছু পরিকল্পনা করাটাও যে কত কঠিন, সিরিজ শুরুর আগে সেটি খুব মজা করে বলেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ‘একটা খেলোয়াড় যে দাঁড়িয়ে, শুয়ে, উল্টো করে ব্যাটিং করতে পারে; তাকে নিয়ে আপনি কী পরিকল্পনা করবেন?’ প্রায় অসম্ভব সেই কাজ থেকে মুক্তি মিলছে ডি ভিলিয়ার্সের বিদায়ে।
যাঁর না থাকাটা বাংলাদেশ এতটা উপভোগ করছে, দক্ষিণ আফ্রিকা দলের জন্য সেটি কত বড় আফসোস, তা তো বোঝাই যায়। কাল অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রায়ান ম্যাকলারেনও বলে গেলেন, ‘এবির বিকল্প কেউ নেই। সে আসলেই বিশেষ কিছু। অনেক দিন ধরেই আমাদের নেতা, একই সঙ্গে গত কয়েক বছরে অসাধারণ একজন ব্যাটসম্যানও হয়ে উঠেছে।’ তবে বাস্তবতা মেনে নিয়ে প্রোটিয়া এই অলরাউন্ডার ভরসা রাখছেন তরুণদের ওপর, ‘তার (ডি ভিলিয়ার্স) হয়তো বাড়িতে আরও বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে। তবে দলে অনেক তরুণ খেলোয়াড় খেলার অপেক্ষায় আছে। বেশির ভাগই বিশ্বকাপে খেলেছে। আমি নিশ্চিত, ওপরের দিকের ছয়-সাতজন ব্যাটসম্যান একসঙ্গে জ্বলে উঠতে পারবে এবং দলকে বড় সংগ্রহ এনে দেবে।’
এবি ডি ভিলিয়ার্সের চলে যাওয়ার স্বস্তিতে একটু যেন অস্বস্তি মিশিয়ে দিতে চাইলেন ম্যাকলারেন।