স্বাগতিকদের হারানো সব সময়ই কঠিন বললেন শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রবি শাস্ত্রী
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রবি শাস্ত্রী

বিসিবি একাডেমি মাঠে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি-রবি শাস্ত্রী। কী নিয়ে আলোচনা করছে ভারতীয় দলের ‘থিংক ট্যাংক’, বোঝার উপায় নেই। তবে তাঁদের ভাবনার অনেকটাজুড়ে বাংলাদেশ, সেটা বোঝা কঠিন কিছু নয়।
একাডেমি মাঠে ছড়িয়ে-ছিটিয়ে অনুশীলন করল ভারত। মিরপুরের আরেকটি ফাইনাল যেন দুঃখগাথা না হয়, সে জন্য এক মনে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন যুবরাজ সিং। বিরাট কোহলিকে অবশ্য অন্য রূপে দেখা গেল। ঘাম ঝরানো নেট শেষে জার্সিটা খুলে ফেলেছেন। শরীরের পেশিগুলো যেন তাঁর ‘বিরাট শক্তি’র কথাই জানান দিচ্ছে!
এশিয়া কাপের ফাইনালের আগে কোনো ভারতীয় খেলোয়াড়ের মন্তব্য পাওয়া গেল না। সংবাদ সম্মেলনে এলেন দলের পরিচালক শাস্ত্রী। ফলে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের পর ফাইনাল নিয়ে ধোনির মন্তব্যটা হয়ে গেল ‘মহামূল্যবান’। বাংলাদেশকে সমীহ করে ভারতীয় অধিনায়ক সেদিন বলেছিলেন, ‘আগেই বলেছি, যেকোনো ভালো দল নিজেদের কন্ডিশনটা ভালোভাবে ব্যবহার করতে পারে। স্বাগতিকদের হারানো সব সময়ই কঠিন। বাংলাদেশ গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। তাদের শক্তি অনেক বেড়েছে। নিজেদের কন্ডিশন তারা ভালো জানে। ভালো একটা ফাইনালই হবে।’
ধোনি যতটা প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে, শাস্ত্রী ততটা নন। যদিও তিনি স্বীকার করেছেন, টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচটাই চ্যালেঞ্জিং হয়েছিল, বাকি দলগুলো তেমন পরীক্ষা নিতে পারেনি তাদের। ফাইনালে যখন আবার বাংলাদেশ, প্রতিপক্ষকে কতটা কঠিন মনে হচ্ছে? সরাসরি না বললেও প্রথম ম্যাচটা কতটা কঠিন ছিল শুধু সেটিই বললেন শাস্ত্রী, ‘ম্যাচটা দারুণ ছিল। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম্যাচ, আমরা চাপে পড়ে গিয়েছিলাম। তবে শেষ ১০ ওভারে ফিরে এসেছি। আসলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কীভাবে ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য আনবেন, সেটিই আসল কথা। প্রথম ম্যাচে সেটা ভালোভাবেই করে দেখিয়েছি। তবে ওই ম্যাচটা অনেক কঠিন ছিল।’
স্বাগতিক হিসেবে যথারীতি এই ম্যাচেও বাংলাদেশের ‘দ্বাদশ’ খেলোয়াড়ের ভূমিকায় থাকবেন দর্শকেরা। তবে শাস্ত্রী এটিকে বড় করে দেখতে চাইলেন না, ‘আমরা প্রচুর দর্শকের সামনে খেলতে অভ্যস্ত। গ্যালারির সব দর্শক প্রতিপক্ষকে সমর্থন করলে কী আসে যায়? এই পর্যায়ে খেলতে হলে এর সঙ্গে আপনাকে অভ্যস্ত থাকতে হবে। একে সুযোগ হিসেবেও নেওয়া যায়। এটি আপনার জেদ বাড়িয়ে দেবে, তাদের আরও দেখিয়ে দিতে ইচ্ছা করবে।’
ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় লড়াইয়ের ঝাঁজটা যেন হারিয়ে যেতে বসেছে। সেখানে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে এসেছে উত্তেজনার নতুন আগুন। এ বিষয়টিকে রবি শাস্ত্রী অবশ্য অন্যভাবে দেখতে চাইলেন। বললেন, ‘উপমহাদেশের সব দলই শক্তিশালী। ভালো-খারাপ দুই সময়ের মধ্য দিয়েই যেতে হবে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। খুব বেশি দিন আগে নয়, পাকিস্তান শীর্ষ দুইয়ে ছিল। এখন সেখানে ভারত। ফলে উপমহাদেশের কোনো দলকে ছোট করে দেখতে পারবেন না। এমনটা সব দলের ক্ষেত্রেই হয়।’
দুই দলের সাম্প্রতিক লড়াই যখন জমেই উঠেছে, আরেকটি রোমাঞ্চকর ফাইনালের আশা দর্শকেরা করতেই পারেন।