স্বাধীনতা দিবসে কোহলির হতাশা

৬৯তম স্বাধীন দিবস উপলক্ষে গল টেস্টের চতুর্থ দিন সকালে দলের পরিচালক রবি শাস্ত্রীর সঙ্গে পতাকা উত্তোলন করলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। কোহলিদের ৬৩ রানে হারিয়ে গলে বিজয়ের পতাকা উড়িয়েছে লঙ্কানরাই। দারুণ সুযোগ পেয়েও ম্যাচ ফসকে গেছে ভারতের হাত থেকে। বিদেশের মাটিতে লেখা হলো আরও একটি পরাজয়ের হতাশা।
বিদেশের মাটিতে ভারতের সর্বশেষ টেস্ট জয় গত বছর জুলাইয়ে, লর্ডসে। ইংলিশদের ৯৫ রানে হারিয়েছিল ধোনির ভারত। এর পর আবারও ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু। টানা নয় টেস্টে জয়হীন। এই নয়টির ছয়টিতেই হার। বাকি তিনটিতে ড্র। একটি ড্র গত জুনে ফতুল্লায়, বাংলাদেশের বিপক্ষে। লর্ডস টেস্টের ওই জয়টির আগে ভারতের সর্বশেষ জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১১ সালের জুনে। ২০১১ সালের জুন থেকে এখনো পর্যন্ত বিদেশের মাটিতে মোট ২৬ টেস্টে ভারতের জয় মাত্র দুটিতে, হার ১৬টিতে। আটটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
গত ডিসেম্বরে মহেন্দ্র সিং ধোনির আকস্মিক অবসরের পর কোহলির নেতৃত্বে তিনটি টেস্ট খেলেছে ভারত। তিনটিতেই জয়হীন। এর মধ্যে অবশ্য দুটো ড্র। তবে আক্রমণাত্মক মানসিকতার অধিনায়ক কোহলির নেতৃত্বে গল টেস্টে চালকের আসনেই ছিল ভারত। গতকালও ভারতের ব্যাটিং স্তুতি শোনা গেছে ভালোভাবেই, তবে শেষ অবধি ব্যাটসম্যানরাই ডুবিয়েছেন দলকে। প্রথম ইনিংসে ১৯২ রানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়েছে মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতায়। ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রঙ্গনা হেরাথের ঘূর্ণিজাদুতে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ায় দারুণ হতাশ কোহলি। আত্মসমালোচনা করেই বললেন, ‘আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল। এখানে আমাদের আরও উন্নতি করতে হবে। দলের সবাই হতাশ। বাজে ব্যাটিং আমাদের ডুবিয়েছে। এর কোনো অজুহাত থাকতে পারে না। “ভয়ডরহীন ক্রিকেট” আমরা খেলতে পারিনি। নড়বড়ে ছিল আমাদের আত্মবিশ্বাসও।’ সূত্র: এএফপি।